সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিশ্বসাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং আলোড়ন সৃষ্টিকারী উপন্যাস পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’ এবার আসছে ঢাকার মঞ্চে। আত্মোপলব্ধি, স্বপ্ন ও ভাগ্যের অন্বেষণে এক তরুণের সুদূর আন্দালুসিয়া থেকে মিসরীয় পিরামিডের দিকে যাত্রার এই রূপকধর্মী গল্পটি মঞ্চে আনছে নাট্যদল ‘এক্টোম্যানিয়া’।
শিগগিরই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে নাটকটির উদ্বোধনী ও নিয়মিত প্রদর্শনী শুরু হবে।

1
নাটকটির নির্দেশক তালহা জুবায়ের বলেন, ‘বর্তমান যুগে আমরা ক্যারিয়ারের ইঁদুর দৌড়ে এমনভাবে ব্যস্ত হয়ে আছি, প্রায়ই ভুলে যাই জীবনে কী করতে চেয়েছি। আলকেমিস্ট আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য বা স্বপ্ন থাকে। এই সময়ে দাঁড়িয়ে নিজের ভেতরের স্বপ্নকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য এই প্রযোজনা, যা আমাদের আত্মিক যাত্রাকে নতুনভাবে উসকে দেবে।
’
নান্দনিক আলোকসম্পাত, আবহসংগীত এবং শক্তিশালী অভিনয়ের মধ্য দিয়ে সান্তিয়াগো নামের সেই রাখাল বালকের মরুভূমির যাত্রা এবং তার অন্তর্জগতের রূপান্তর ফুটিয়ে তোলা হবে মঞ্চে। যেখানে অভিনয় করছেন শশাঙ্ক সাহা, কামরুজ্জামান তাপু, সায়েম সিজান, সায়রা আকতার, সালাউদ্দিন ইভান, ফাতেমা ইলমা, কামরুল তিহান, মাহবুবা মৌ, সানবি মীর, মারজুক হাসান, জয়ব্রত বিশ্বাস, মাহফুজ ইসলাম মেঘ, বাপ্পী চৌধুরী, সাকিব শুভ, ঐশি, সাদ, রিহাদ ইসলাম, রাতুল আরিয়ান, সুলাইহা তারজিয়া, রুদ্র, জনি এবং বরিষ-ধরা।









