সিল্কসিটিনিউজ ডেস্ক :
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৭০০ জন। বুধবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মারা গেল ২২০ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ১০৪ জনে। আর দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৬৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তার জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, ঢাকা বিভাগে ১৪২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৪ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ৩২ জন এবং রংপুর বিভাগে ১০ জন রোগী রয়েছে।









