সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী

নিউজ ডেস্ক২০ মে ২০২৬২ মিনিট পড়া
‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, যারা ভারতের সীমান্ত পেরিয়ে এসেছেন, কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ-এর) আওতায় পড়েন না, তারা “পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী”।

তিনি বলেন, “তাদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেফতার করবে, আটক করবে এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ-এর) হাতে তুলে দেবে। বিএসএফ বিডিআরের সঙ্গে কথা বলে তাদের ডিপোর্ট করার ব্যবস্থা করবে। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবং ডিপোর্ট।”

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে সেটির পুরোনো নাম – বিজিবি বলেই উল্লেখ করেন মি. অধিকারী।

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ২০২৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন তারা ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে পারবেন। মুসলিম সম্প্রদায়ের মানুষ এই আইনের আওতায় পড়েন না।

মি. অধিকারী বুধবার আরো বলেন, “আমাদের রাজ্যে ২২০০ কিলোমিটারের মধ্যে ১৬০০ কিলোমিটার কাঁটাতার রয়েছে। আমাদের সীমান্তে যে কাঁটাতার সম্পূর্ণ আমরা করতে পারিনি। … আমরা বর্তমান সরকার আসার পর দ্রুততার সঙ্গে এই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে চলেছি। আজকে এর সূচনা লগ্নে আমরা ২৭ কি.মি এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি — সরকারি এবং প্রাইভেট জমি যা আমরা ক্রয় করছি এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ এবং ভারত সরকার আমাদের দিচ্ছেন — আমরা সেটা সূচনা করলাম।”

“আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার দেশপ্রেমিক জনগণ এবং আমাদের অত্যন্ত দক্ষ আধিকারিকরা আগামী কিছুদিনের মধ্যে যতটা জমি আমাদের দেওয়ার দরকার বা আমরা দিতে পারব, যেখানে যেখানে সীমান্ত সুরক্ষার প্রশ্নে কাঁটাতার দেওয়া সম্ভব, আমরা অতি দ্রুততার সঙ্গে তুলে ধরব।”

 

সূত্র: বিবিসি বাংলা