সদ্য প্রকাশিত
মতামত

ডিজিটাল পদ্ধতিই হবে চালিকাশক্তি

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০১৯৩ মিনিট পড়া
ডিজিটাল পদ্ধতিই হবে চালিকাশক্তি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কম্পিউটারনির্ভর, বিজ্ঞানভিত্তিক উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সরকারের সামগ্রিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ব্যবস্থাকে সাধারণ অর্থে ডিজিটাল পদ্ধতি বোঝায়।

নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ‘দিন বদলের সনদ’ শিরোনামে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে তাতে ‘২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন’ ধারণাটি অন্তর্ভুক্ত করা হয়।

এ লক্ষ্যমাত্রা তথা ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের জন্য সরকার চারটি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

বিষয়গুলো হল : ১. মানবসম্পদ উন্নয়ন, ২. জনগণের সম্পৃক্ততা, ৩. সিভিল সার্ভিস এবং ৪. দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তির ব্যবহার। এ মোতাবেক ২০২১ সালে তথা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের দিনে বাংলাদেশ মেধা, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির শক্তিতে সম্মৃদ্ধ একটি আধুনিক ও উন্নত দেশে পরিণত হবে।

স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব ডিজিটালে পরিণত হতে চলেছে। টার্গেটকৃত সময়ের আগেই দেশের মাটি, মানুষ ও আকাশজুড়ে তথ্যপ্রযুক্তি তথা ই-সেবার কার্যক্রম ছড়িয়ে পড়েছে সর্বত্র, অর্থাৎ ২০২১ সালে বাস্তবায়নযোগ্য স্বপ্ন এরই মধ্যে প্রায় শতভাগ সাফল্যের পথে এগিয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের সর্বশেষ সফলতা হল মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ।

মানবসম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা এবং দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি ব্যবহারের কার্যক্রমে কম্পিউটার, ল্যাপটপ, অ্যানড্রয়েড মোবাইল এবং বিভিন্ন মোবাইল অ্যাপসের ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে। সারা দেশে ফাইবার অপটিক্যাল লাইন স্থাপনের মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে ইন্টারনেট সংযোগ।

এর ফলে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। যেহেতু বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, সেহেতু কৃষিকাজে ডিজিটাল পদ্ধতির গুরুত্ব অনুধাবন করে সরকার কৃষিব্যবস্থাকে ডিজিটালাইজেশন করতে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছে, বিশেষ করে কৃষকদের ফসলের মাঠে তাৎক্ষণিক সেবা দেয়ার জন্য সার্বক্ষণিক কৃষি তথ্য সার্ভিস নামে ২৫৪টি ফার্মার্স ক্লাবকে এগ্রিকালচার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারে (এআইসিসি) রূপান্তর করা হয়েছে।

এর মাধ্যমে বাড়িতে বা মাঠে বসেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষকরা কৃষি মন্ত্রণালয়ের তথ্য সেবা কেন্দ্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করে পরামর্শ ও সেবা নিতে পারেন। তারা ল্যাপটপ, কম্পিউটার ও অ্যানড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে ফসলের যে কোনো সমস্যার সমাধান পেয়ে থাকেন।

বিভিন্ন সরকারি দফতরে ডিজিটাল পদ্ধতি প্রবর্তিত হয়েছে। যেমন ই-লার্নিং, ই-ভূমিব্যবস্থা, ই-স্বাস্থ্যসেবা, ই-বিচারব্যবস্থা, ই-নিরাপত্তা ও ই-কৃষিব্যবস্থাসহ সরকারের প্রায় সব কার্যক্রম ও সেবা ডিজিটাল টুলসের মাধ্যমেই সম্পাদিত হচ্ছে।

সাধারণ মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার যেসব কার্যক্রম রয়েছে তার অন্যতম হল সারা দেশের ৪ হাজার ৫৪৭টি ইউনিয়ন পরিষদ, ৩২১টি পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ৪০৭টি ওয়ার্ড কার্যালয়ে ডিজিটাল সেন্টার স্থাপন।

এর ফলে দেশের প্রায় সর্বত্র ডিজিটাল সেবা পৌঁছে গেছে। এসব ডিজিটাল সেন্টারে প্রতিদিন শত শত মানুষ নাগরিক জীবনের দৈনন্দিন কাজকর্মের চাহিদা অনায়াসে পূরণের সুযোগ পাচ্ছেন। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন এদেশ একটি সুখী-সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন জনগণের রাষ্ট্রে পরিণত হবে এবং এর সব ধরনের চালিকাশক্তি হবে ডিজিটাল পদ্ধতি।

জিয়াউল হক জুয়েল : প্রাবন্ধিক

Ziaulhoquejowel@gmail.com