সদ্য প্রকাশিত
মতামত

ডব্লিউজেপির প্রতিবেদন, গভীরভাবে আমলে নিতে হবে

নিউজ ডেস্ক১৩ মার্চ ২০২০২ মিনিট পড়া
ডব্লিউজেপির প্রতিবেদন, গভীরভাবে আমলে নিতে হবে

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) প্রতি বছর বিভিন্ন দেশের আইনের শাসন পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে। এ বছরও তার অন্যথা হয়নি।

চলতি বছরের প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে, আইনের শাসন সূচকে বাংলাদেশ দুই ধাপ পিছিয়েছে। অর্থাৎ এ বছর আইনের শাসন সূচকে বাংলাদেশের ১ দশমিক ৬ শতাংশ অবনতি হয়েছে। এখন বিশ্বের ১২৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৫তম। গত বছর ১২৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১১২তম।

আইনের শাসনের সূচক নির্ধারণের জন্য ডব্লিউজেপি আটটি বিষয় বিবেচনায় রেখেছে। এগুলো হল- সরকারের ক্ষমতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, শৃঙ্খলা ও নিরাপত্তা, ক্ষমতার সীমাবদ্ধতা, নাগরিক ন্যায়বিচার ও ফৌজদারি বিচার।

প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশের অবস্থান সবচেয়ে খারাপ মৌলিক অধিকার প্রশ্নে। এ ক্ষেত্রে বাংলাদেশ ১২৮টি দেশের মধ্যে রয়েছে ১২২তম অবস্থানে। সবচেয়ে দুঃখজনক হল, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে সবচেয়ে নিচে, অর্থাৎ ছয় দেশের মধ্যে এর অবস্থান ষষ্ঠ।

বলার অপেক্ষা রাখে না, ডব্লিউজেপি’র আইনের শাসন সূচক প্রতিবেদনটি খুবই হতাশাজনক। বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে অনেক এগিয়েছে, দেশের উন্নয়ন প্রক্রিয়াও এগিয়ে চলেছে জোরেশোরে। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যও স্থির করা হয়েছে।

কিন্তু এতসব ইতিবাচক উন্নতির বিপরীতে আইনের শাসন পরিস্থিতি আমাদের মন খারাপ করে দেয়। আমরা কথায় কথায় সুশাসনের কথা বলি, অথচ সুশাসনের সঙ্গে আইনের শাসন ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসনের কোনো বিকল্প নেই। মৌলিক অধিকারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সবচেয়ে খারাপ- এ তথ্যটিও হতাশাজনক। আমরা মনে করি, বাংলাদেশে মৌলিক অধিকারের প্রশ্নে ডব্লিউজেপি’র মূল্যায়নকে গভীরভাবে আমলে নিতে হবে সরকারকে। কোন কোন ক্ষেত্রে মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, তা বিবেচনায় নিয়ে পরিস্থিতির উন্নতি করতে হবে।

মনে রাখা দরকার, অর্থনৈতিক কিংবা অবকাঠামোগত উন্নয়নই একটি দেশের জন্য শেষ কথা নয়। আইনের শাসন ও মৌলিক অধিকারের বিষয়গুলো সমান গুরুত্ব বহন করে থাকে।