ছবিঘর

ট্রাম্পবিরোধী আন্দোলনে সরব তারকারা

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রে ফের শুরু হয়েছে ট্রাম্পবিরোধী আন্দোলন ‘নো কিংস মুভমেন্ট’। জুনে প্রথমবার এ আন্দোলন হয়েছিল। শনিবার পুনরায় রাস্তায় নেমেছে দেশটির সাধারণ মানুষ। ৫০টি অঙ্গরাজ্যজুড়ে লক্ষাধিক মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে।

বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রাম্পের স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ হয়েই এ আন্দোলন করছে মানুষ।
এবারের বিক্ষোভে শামিল হয়েছেন হলিউডের তারকারাও। বেশ কয়েকজন নামি তারকা এরই মধ্যে সমর্থন জানিয়েছেন। ট্রাম্পবিরোধী আন্দোলনে অন্যতম সরব তারকা মার্ক রাফালো সামাজিক মাধ্যমে লিখেছেন, “অসাধারণ! এত মানুষ আমেরিকাকে ভালোবেসে ‘নো কিংস’-এর পক্ষে দাঁড়িয়েছে।

”
জনপ্রিয় সঞ্চালক ও কমেডিয়ান জিমি কিমেল কিছু দিন আগেই ট্রাম্পের রোষানলে পড়েছিলেন। তবু দমে যাননি। তিনিও আন্দোলনের পক্ষে বার্তা দিয়েছেন। সঙ্গে কিছু নাম সুপারিশ করেছেন, যেগুলো আন্দোলনের স্লোগান ও ব্যানারে ব্যবহার করা যেতে পারে।

ক্যাপশনে জিমি লেখেন, “যখন তোমরা ‘নো কিংস’-এর পোস্টার বানাবে, তখন এগুলো মনে রেখো। কারণ ডোনাল্ড ট্রাম্প একটা ভালো নাম পছন্দ করে।”
এর আগে ৯ অক্টোবর এই আন্দোলনে অংশ নেওয়ার জন্য মানুষকে আহবান জানিয়েছিলেন রবার্ট ডি নিরো। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “এখন আমাদের সামনে এমন এক ব্যক্তি এসেছে, যে নিজেকে রাজা ভাবছে, রাজা ডোনাল্ড প্রথম! দূর! আমরা আবার জেগে উঠছি। অহিংস উপায়ে বলছি, ‘নো কিংস’।

”
এদিকে অভিনেতা জন কিউসাক সরাসরি রাস্তায় নেমেছেন। শিকাগোর আন্দোলনে হাজির হয়ে তিনি প্রতিবাদ জানান। এ ছাড়া নির্মাতা পল শ্রেডার, অভিনেত্রী গ্লেন ক্লোজসহ অনেকে সমর্থন জানিয়েছেন।