সিল্কসিটি নিউজ ডেস্ক:
যশোরের ঝিকরগাছায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে জুয়েল রানা বাবু (২২) ও হৃদয় হোসেন (১৯) নামের দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার নবীবনগর মোল্যা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল রানা বাবু বেনাপোল পোর্ট থানার নারায়নপুর নতুন পাড়া গ্রামের হাসান আলীর ছেলে এবং হৃদয় হোসেন একই গ্রামের সাহেব আলীর ছেলে। তারা একে অপরের দুলাভাই-শ্যালক।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বেনাপোল থেকে শ্যালক-দুলাভাই মোটরসাইকেলযোগে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নবীবনগর মোল্যা ফিলিং স্টেশন থেকে পেট্রোল নিয়ে মেইন সড়কে উঠতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হয়। এ সময় ট্রাক ফেলে রেখে চালক ও সহকারী পালিয়ে যায়।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতের স্বজনরা থানায় একটি অভিযোগ দায়ের করবেন বলে তিনি জানান। সূত্র: কালের কণ্ঠ









