সিল্কসিটিনিউজ ডেস্ক:
১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭০ রানেই নেই ৫ উইকেট। জয় তখন ভারতের জন্য প্রায় অসম্ভব মনে হচ্ছিল।
কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই—ক্রাইস্টচার্চে সেটিই আবার প্রমাণ করল ভারত। বিস্ফোরক ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের হাত ম্যাচ ম্যাচ ছিনিয়ে নিলেন তিলক ভার্মা, নামান ধীর ও নীতীশ রেড্ডি। ৪ উইকেটের অবিশ্বাস্য জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

হ্যাগলি ওভালে আগে ব্যাট করে গ্লেন ফিলিপস এবং বেভন জ্যাকবসের ফিফটিতে রানে ২০ ওভারে ১৮০ রান তোলে নিউজিল্যান্ড।
ভারতের হয়ে অর্শদীপ সিং নেন ২ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে বিপর্যয়ে পড়ে ভারত। ৪০/০ থেকে ৭০-৫—নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এতে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় নিউজিল্যান্ডের হাতে।
কিন্তু হাল ছাড়েননি তিলক। প্রথমে নামান ধীরের সঙ্গে ২৪ বলে ৪২ রানের জুটি গড়ে ভারতকে কক্ষপথে ফেরান। এরপর নীতীশ রেড্ডিকে সঙ্গে নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। শেষ ৩ ওভারে ৪৬ রান দরকার ছিল ভারতের। এই কঠিন সমীকরণও মিলিয়ে ফেলল তারা।
ঠান্ডা মাথায় ব্যাট চালিয়েও ২৬ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিলক। অন্য প্রান্তে নীতীশ রেড্ডি ১৩ বলে অপরাজিত ২৬ রান করে তাকে দারুণ সঙ্গ দেন। দুজন ৩০ বলে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন, যা সপ্তম উইকেটে ভারতের সর্বোচ্চ।
শেষ দিকে নিউজিল্যান্ডের পেসারদের নির্বিষ বোলিং ও বাজে ফিল্ডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে ১ বল বাকি রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ম্যাচসেরা হয়েছেন তিলক ভার্মা।
ক্রাইস্টচার্চেই প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ২২৬ রানের লক্ষ্য টপকে জিতেছিল ভারত, যা নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান সফলভাবে তাড়া করার রেকর্ড।
দুই দলের তৃতীয় টি-টোয়েন্টি আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর), ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে।









