নিজস্ব প্রতিবেদক,নাটোর:
টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছে নাটোর পৌর সভার বিভিন্ন এলাকায় বাসিন্দারা। এর ফলে দূর্ভোগে পড়েছেন শহরের শতশত পরিবার। এদিকে, কিছু সরকারী অফিস এবং বিদ্যালয়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ব্যাহত হচ্ছে বিভিন্ন কার্যক্রম। তবে শহরের আশপাশের বিভিন্ন খাল এবং নালা দখল হয়ে যাওয়ায় এই অবস্থা।
মঙ্গলবার ভোর রাতের বর্ষনে শহরের উত্তর বড়গাছা, পালপাড়া, হাফরাস্তা, আলাইপুর, কানাইখালী, নতুন থানা পাড়া, দক্ষিণ পটুয়া পাড়া এলাকার রাস্তা-ঘাট তলিয়ে যায়। শত শত বাড়িতে উঠে পড়েছে পানি।

এছাড়া তলিয়ে গেছে সরকারী বালক বিদ্যালয় ও বিটিসিএল-এর অফিস। বিজয় দশমীর জন্য বিদ্যালয় এবং সরকারী অফিস ছুটি থাকায় শিক্ষার্থী ও সরকারী চাকুরীজীবিদের দূর্ভোগ না থাকলেই জলবাদ্ধতার কারণে মহল্লাবাসীদের পহাতে হচ্ছে দূর্ভোগ।
দক্ষিন পটুয়া পাড়া এলাকার কাজী লাল বলেন, মেয়র ও কাউন্সিলরদের কাছে ধর্ণা দিয়েও ফল পাচ্ছেন না তারা। ৫ বছর পর পর পৌরসভার মেয়র বদল হলেও দূর্ভোগ কমেনি শহরবাসীর।
ভুক্তভোগীরা বলছেন, জলাবদ্ধতার পানি নামতে ৩ দিন থেকে কয়েক সপ্তাহ লাগবে। তবে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার না থাকায় তাদের এই দূর্ভোগ।
সচেতন নাগরিক কমিটির সভাপতি রেজাউল করিম রেজা সিল্কসিটি নিউজকে বলেন, ১৮৬৯ সালে নাটোর পৌরসভা প্রতিষ্ঠিত। বর্তমানে পৌরসভার বয়স দেড়শ বছর পার হলেও নাগরিক সুবিধা বঞ্চিত রয়েছেন শহরবাসী।
তিনি বলেন, নির্বাচনের সময় মেয়রা নানা ধরনের প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচিত হওয়ার পর তারা সে সব প্রতিশ্রুতি ভুলে যায়। তাছাড়া বিভিন্ন খাল এবং নালা প্রভাবশালীরা দখল করে রাখার জন্য পানি নিষ্কাশন হয়না। যার কারনে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীর।
তবে জনদূর্ভোগ কথা স্বীকার করে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি দুষলেন পূর্ববর্তী মেয়রদের। তাছাড়া অপরিকল্পিত আবাসন তৈরীর জন্য এই পরিস্থিতি।
তিনি বলেন, শহরবাসীদের জলাবদ্ধতার হাত থেকে বাঁচাতে খাল সংস্কার সহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পগুলোর কাজ হলেই জলাবদ্ধতা থেকে শহরবাসী মুক্তি পাবে।
স/শ










