নিজস্ব প্রতিবেদক, নাটোর:
জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছে নাটোরের সাবেক সংসদ সদস্য সহ আওয়ামীলীগের ১৭জন নেতা-কর্মী। দলীয় মনোনয়ন লাভের আশায় অনেকেই ধর্ণা দিচ্ছেন স্থানীয় এবং কেন্দ্রীয় নেতাদের কাছে। এরই মধ্যে মাঠে নেমে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন অনেকেই। আবার ব্যানার ফেস্টুনের মাধ্যমে জানান দিচ্ছে চেয়ারম্যান প্রার্থীতা। মনোনয়ন লাভের আশায় আওয়ামীলীগের দলীয় নেতা-কর্মীরা ঢাকায় অবস্থান করছেন।
ইতোমধ্যে ১৪-১৫জন দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আবেদন ফরম তুলে জমাও দিয়েছেন। তবে জেলা পরিষদ নির্বাচন নিয়ে কেন্দ্রের দিকে তাকিয়ে রয়েছে বিএনপি। আর জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষনা দেয়ায় ঘাপটি মেরে বসে রয়েছে তারা।
এদিকে, সরকারের বিশ্বস্ত দুটি গোয়েন্দা সংস্থা ১৭ জনের নামের তালিকা করেছেন। ইতোমধ্যে তালিকা গুলো সংশ্লিস্ট দপ্তরে প্রেরন করেছে।
জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন দৌড়ে রয়েছেন, নাটোর সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রত্না আহমেদ, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শেফালী মমতাজ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ন সম্পাদক সৈয়দ মোতুর্জা আলী বাবলু, সদস্য ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান, সদস্য সাজেদুর আলম খান চৌধুরী (বুড়া চৌধুরী), জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, শামসুল ইসলাম, মাজেদুর রহমান চাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক চিত্তরঞ্জন সাহা, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব আহম্মেদ ঝুলফু, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মাদ আলী, জেলা যুবলীগের সহ দপ্তর সম্পাদক এবং নাটোর পৌরসভার কাউন্সিলর আজিজুল ইসলাম আরজু, জেলা আওয়ামীলীগের সদস্য আসাদুজ্জামান আসাদ, জাতীয় কৃষকলীগের সদস্য অ্যাডভোকেট আব্দুল ওহাব এবং নাটোর জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শাজাহান কবির, মহিলা সংস্থার সভানেত্রী নাসিমা বানু লেখা।
এদের মধ্যে দৃশ্যমান মাঠে রয়েছেন হাতে গুনা দু’জন নেতা-কর্মী। তারা হচ্ছে, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রত্না আহমেদ, নাটোর সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ। রত্না আহমেদ ইতোমধ্যে তিনি বিভিন্ন জনপ্রতিনিধির সাথে কুশল বিনিময় করেছেন। প্রতিনিয়িত মাঠ চুষে বেড়াচ্ছেন। দোয়াও যাচ্ছেন বিভিন্ন ভোটারের কাছে। আবার মাঠের পাশাপাশি ফেসবুকেও প্রচারনা চালিয়ে যাচ্ছেন তিনি।
জেলা মহিলালীগের সভানেত্রী ও মনোনয়ন প্রত্যাশি রত্না আহমেদ বলেন, ইতোমধ্যে আমি ৪০টি ইউনিয়নের জনপ্রতিনিধি ভোটারদের সাথে গণসংযোগ ও কুশল বিনিময় করেছি। আশা করছি দল আমাকে মনোনয়ন দিবে। কারণ বিগত দিনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম। স্থানীয় সরকার নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে আমার। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়নের জন্য কাজ করছে, সেকারণে নারী হিসেবে আমাকে মনোনয়ন দিবে।
নাটোর সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকেই মনোনয়ন দিবে চেয়ারম্যান পদে। কারণ বিগত দিনে পারিবারিক ব্যাকগ্রাউন্ড এবং আমার ছাত্র রাজনীতির ঐতিহ্য রয়েছে। যার কারনেই দল আমাকে মনোনিত করবে।
জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু বলেন, আমার পরিবার আওয়ামীলীগের জন্য নিবেদিত প্রাণ। কোন দিনও দল থেকে কিছু চাইনি। এইবার প্রথম দল থেকে জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশি। আশা করছি দল আমাকে মনোনয়ন দিবে।
অপরদিকে, গত বুধবার রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মাদ এরশাদ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন না করার ঘোষনা দিয়েছে। যার কারনে ১৪দলের শরীক দল হলেও নির্বাচনে অংশ নিচ্ছে না তারা।
এবিষয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি মজিবুর রহমান সেন্টু বলেন, দলের চেয়ারম্যান যেহেতু ঘোষনা দিয়েছে সে কারণে আমাদের কোন প্রস্তুতি নেই। দল যদি অংশ গ্রহন করে আমরা চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করবো।
এদিকে, কেন্দ্রের দিকে চেয়ে রয়েছে নাটোর জেলা বিএনপির নেতা-কর্মীরা। দলটির নেতারা বলছে, বিগত নির্বাচনে ভোট কারচুপি করে আওয়ামীলীগ সমর্থিত বেশির ভাগ নেতা-কর্মী জনপ্রতিনিধি হয়েছে। যার কারনে জেলা পরিষদ নির্বাচনে বিএনপির বিজয় লাভ করার সম্ভাবনা কম। তাছাড়া নির্বাচন সুষ্ঠ হবে না জেনেই বিএনপি নির্বাচনে অংশ গ্রহন করবে না।
এবিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বলন, বিগত ইউপি, পৌরসভা সহ সকল নির্বাচনে ভোটচুরি করে আওয়ামীলীগের বেশির ভাগ জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে। যার কারনে জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ হবে এমন গ্যারান্টি নাই। তাছাড়া আমরা মূলত কেন্দ্রের দিকে চেয়ে রয়েছি। কেন্দ্র থেকে যে নির্দেশনা আসে সেটাই মানা হবে।

স/অ










