সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা যখন তুঙ্গে, তখন সৌদি আরবের জেদ্দায় বসেছে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) গুরুত্বপূর্ণ বৈঠক। সভায় সভাপতিত্ব করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
রয়টার্স জানায়, ইরান যুদ্ধ শুরুর পর গত দুই মাসে এই প্রথমবারের মতো উপসাগরীয় দেশগুলোর শীর্ষ নেতারা মুখোমুখি বৈঠকে বসলেন।

কূটনৈতিক সূত্র বলছে, চলমান সংকট মোকাবেলায় একটি সমন্বিত অবস্থান তৈরিই ছিল বৈঠকের মূল লক্ষ্য।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাত দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। ইরানের পাল্টা আক্রমণে উপসাগরীয় দেশগুলো একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ে, যা নিরাপত্তা পরিস্থিতিকে আরো অস্থির করে তোলে।
সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি এসব চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
যুদ্ধের প্রভাবে জিসিসিভুক্ত ছয়টি দেশেই জ্বালানি অবকাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র-সংযুক্ত কম্পানি, বেসামরিক স্থাপনা এবং সামরিক ঘাঁটিও হামলার লক্ষ্য হয়েছে।
৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর হামলার তীব্রতা কিছুটা কমলেও পরিস্থিতি এখনো অস্থির। উপসাগরীয় দেশগুলোর রাজধানীগুলো নতুন করে সংঘাত শুরুর আশঙ্কায় উচ্চ সতর্কতায় রয়েছে।
স্থায়ী সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চললেও এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি।
বৈঠকে তামিম বিন হামাদ আল থানি, মিশাল আল আহমাদ আল সাবাহ, হামাদ বিন ইসা আল খালিফা এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী অংশ নেন। ওমানের প্রতিনিধিত্ব নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি, যদিও দেশটি জিসিসির সদস্য।
তবে এই বৈঠকের মাঝেই জিসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কর্মকর্তা আনোয়ার গারগাস খোলাখুলি সমালোচনা করে বলেন, ‘লজিস্টিক দিক থেকে জিসিসি দেশগুলো একে অপরকে সহায়তা করেছে, এটা ঠিক।
কিন্তু রাজনৈতিক ও সামরিকভাবে তাদের অবস্থান ছিল খুবই দুর্বল।’
তিনি আরো বলেন, আরব লীগের কাছ থেকে এমন প্রতিক্রিয়া প্রত্যাশিত হলেও জিসিসির এমন দুর্বল অবস্থান তাকে বিস্মিত করেছে।










