ধর্ম

জুনে মালয়েশিয়ায় আন্তর্জাতিক উলামা সম্মেলন

নিউজ ডেস্ক২ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আগামী জুন মাসে মুসলিম বিশ্বের শীর্ষ আলেম, গবেষক ও নেতাদের নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে। কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এই সম্মেলন আয়োজন করছে মালয়েশিয়া সরকারের ইসলাম বিভাগ। তাদের সহযোগিতা করছে মুসলিম ওয়ার্ল্ড লিগ। প্রধানমন্ত্রীর দপ্তরের (ধর্মবিষয়ক) মন্ত্রী ড. জুলকিফলি হাসান সৌদি আরবে তাঁর সরকারি সফরের সময় উভয় পক্ষের ভেতরে আলোচনা ও সহযোগিতার সিদ্ধান্ত হয়।

ড. জুলকিফলি হাসানকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব ড. শায়খ মুহাম্মদ আবদুল করিম আল-ঈসা। সৌদি আরবে তাঁদের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে।
ড. জুলকিফলি বলেন, এসব আলোচনার মূল লক্ষ্য ছিল আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ইসলামের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় ও দিকনির্দেশনা নির্ধারণ। তিনি এক ফেসবুক পোস্টে বলেন, ‘এই সফর শুধু দূরত্ব অতিক্রম নয়, বরং উম্মাহকে ঐক্যবদ্ধ করা এবং ভ্রাতৃত্ব ও বৈশ্বিক সহযোগিতা জোরদার করার একটি মিশন।

’ পোস্টে তিনি এই সুযোগকে কাজে লাগিয়ে মুসলমানদের প্রতি একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা এবং ঐক্য সুদৃঢ় করার আহবান জানান।
তিনি আরো বলেন, ‘এখান থেকেই আমাদের শুরু এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে ইসলাহ (সংস্কার) বাস্তবায়নে। বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে এবং মুসলিম উম্মাহর ভবিষ্যৎ আমাদের হাতেই।’

মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব শায়খ আবদুল করিম আল-ঈসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিমের প্রশংসা করে বলেন, তিনি একজন বিশিষ্ট বুদ্ধিজীবী ও প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ।

সূত্র : দ্য সান ডটএমওয়াই