সদ্য প্রকাশিত
অন্যান্য

জুড়ীতে হাতির আক্রমণে মাহুতের মৃত্যু

নিউজ ডেস্ক৮ মে ২০২৩২ মিনিট পড়া
জুড়ীতে হাতির আক্রমণে মাহুতের মৃত্যু

সিল্কসিটি নিউজ ডেস্ক:

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাতি আনতে গিয়ে হাতির আক্রমণে কুলাউড়া উপজেলার এক মাহুতের মৃত্যু হয়েছে। রবিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার ফুলতলা ইউনিয়নের চুঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজ সোমবার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে সদর হাসপাতালে নিহতের মরদেহ প্রেরণ করা হয়েছে। নিহত মাহুতের নাম রাসেল মিয়া (৪০)। তিনি কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।

রাসেলের সঙ্গে থাকা আরেক মাহুত চিনু মিয়া জানান, জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় তারা রবিবার সন্ধ্যার দিকে হাতি দিয়ে বাঁশমহালের কাজ করছিলেন। ওই সময় রাস্তা দিয়ে একটি বাঁশবোঝাই ট্রাক যাচ্ছিল। তখন হাতির মাহুত রাসেল মিয়া রাস্তা পার না হওয়ার জন্য হাতিটিকে তার হাতে থাকা বল্লি দিয়ে শুঁড়ের মধ্য আঘাত করে আটকে রাখার চেষ্টা করেন। কিন্তু হাতিটি তার শুঁড়ে আঘাত পাওয়ায় রাসেলকে শুঁড় দিয়ে ওপরের দিকে আছড়ে ফেললে একটি পাথরের মধ্যে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে মাথা ফেটে যায়। পরে সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেল মিয়ার মামা গণি মিয়া বলেন, ‘যতটুকু জেনেছি নর হাতিটি গত ১৫ দিন ধরে উন্মাদ হয়েছে। মাহুত রাসেলের সাথে থাকা লোকজন জানিয়েছে হাতিটিকে কয়েক দিন থেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’

তিনি আরো বলেন, ‘হাতির মালিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিক রাসেলকে পাঁচ হাজার টাকা দেবেন মর্মে তাকে জুড়ী থেকে হাতি আনতে পাঠান। কিন্তু আমার ভাগিনা ফিরল লাশ হয়ে। পরিবারে তার স্ত্রী ছাড়া চার ছেলে-মেয়ে রয়েছে। এখন তার পরিবার কিভাবে চলবে? পরিবারটি খুবই অসহায়। এখন যদি হাতির মালিক যথাযথ ক্ষতিপূরণ দিয়ে পরিবারটির পাশে দাঁড়ান তাহলে পরিবারটি উপকৃত হবে।’

হাতির মালিক ও কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিক বলেন, ‘রাসেল মিয়া দীর্ঘদিন থেকে আমার মালিকানাধীন হাতির মাহুত (পরিচালক) হিসেবে কাজ করছেন। রবিবার তিনি হাতি আনতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হাতির আক্রমণে মৃত্যবরণ করেছেন। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ বাড়িতে এসেছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার সময় তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফনকাজ শেষ করা হবে।’ নিহত রাসেলের পরিবারকে তার পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে বলে তিনি জানান।

জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার থানায় একটি অভিযোগ দিলে তার প্রেক্ষিতে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।’ সূত্র; কালের কণ্ঠ