সদ্য প্রকাশিত
রাজনীতি

জিয়াউর রহমানের মাজার সরানোই উদ্দেশ্য : মওদুদ

নিউজ ডেস্ক৯ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
জিয়াউর রহমানের মাজার সরানোই উদ্দেশ্য : মওদুদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শেরেবাংলা নগর থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সরালে তা সরকারের বিরাট রাজনৈতিক ভুল হবে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

 

আজ শুক্রবার রাজধানীতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আয়োজিত স্বাধীনতা ফোরামের আলোচনায় মওদুদ আহমদ এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি সব দলের প্রস্তাব বিবেচনা করে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।

 

বিএনপি নেতা অভিযোগ করেছেন, লুই আই কানের মূল নকশা বাস্তবায়ন নয়, শহীদ জিয়াউর রহমানের সমাধি সরানোই সরকারের উদ্দেশ্য।

 

মওদুদ বলেন, ‘পাকিস্তানের যে পতাকা, যে একটা ক্রিসেন্ট (অর্ধচন্দ্র) এবং একটা তারকা—এর আদলেই, এটার ওপরে ভিত্তি করেই পুরো নকশাটা তৈরি করা হয়েছিল। আজকে কি আমরা তালে বলতে চাই বা বলতে পারি যে, বর্তমান সরকার সেই নকশাটাকে আবার পুনঃস্থাপন করতে চাইছে? এটা একটা দুরভিসন্ধিমূলক। এই নকশার ওপর ভিত্তি করে যদি শহীদ জিয়ার মাজারটা সরানো যায়। সেটা, ইট উড বি দ্য গ্রেটেস্ট পলিটিক্যাল ব্লান্ডার (এটা হবে সবচেয়ে বড় রাজনৈতিক ভুল)। রাজনৈতিক একটা ভুল সিদ্ধান্ত হবে বর্তমান সরকারের জন্য।’

 

নির্বাচন কমিশনের ব্যাপারে ব্যারিস্টার মওদুদ মনে করেন, যত শক্তিশালী কমিশনই হোক না কেন, নিরপেক্ষ সরকার ছাড়া স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে না কমিশন।

 

এদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপি প্রত্যাশা করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে সুপরামর্শ দেবেন প্রধানমন্ত্রী।

 

রিজভী বলেন, ‘রাষ্ট্রের অভিভাবক রাষ্ট্রপতি, এটা নিঃসন্দেহ। এখন রাষ্ট্রপতির অভিভাবক যদি প্রধানমন্ত্রী নিজেকে মনে করেন, তাহলে তো সুপরামর্শ তিনি দেবেন না। আমি মনে করি, তিনি প্রধানমন্ত্রী, তিনি সুপরামর্শ দেবেন। আর রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে এমন এমন একটি  নির্বাচন কমিশন করবেন যে কমিশনের প্রতি সব রাজনৈতিক দলের আস্থা থাকবে।’

 

ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি দিলে এবং মুক্ত আকাশ সুবিধা দেওয়া হলে রাষ্ট্রীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে বলে মন্তব্য করেন রিজভী।

সূত্র: এনটিভি