সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় দেশটির বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪৯ সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ভারতের কাশ্মীরে রক্তাক্ত হামলায় সিআরপিএফের সদস্যদের প্রাণহানির ঘটনায় আমি গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করছি।
সন্ত্রাসী কার্যকলাপ শান্তি ও সভ্যতার পরিপন্থী, এতে করে আঞ্চলিক স্থিতি সংকটাপন্ন হয়ে পড়ে। এর মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবন বিপন্ন ও নিরাপত্তাহীন হয়ে ওঠে।
তিনি বলেন, সন্ত্রাসীদের এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা জানাচ্ছি। বোমা হামলায় আহতদের সুস্থতা কামনা করছি।
প্রসঙ্গত বৃহস্পতিবার সিআরপিএফ সদস্যদের বহন করা দুটি গাড়িতে জঙ্গিদের বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। সিআরপিএফ সদস্যদের একটি বাসের মাধ্যমে অন্যটির বিস্ফোরণ ঘটে।
সংবাদ সংস্থা পিটিআই জানায়, এক জাইশ-ই-মোহাম্মাদ সন্ত্রাসী বিস্ফোরক-বহনকারী গাড়িতে ভ্রমণ করছিল। ওই বাসটিতে ৫৪ ব্যাটালিয়ন সিআরপিএফ সদস্য ছিল।










