সবশেষ
জাতীয়

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক২৭ মার্চ ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, সে অনুযায়ী জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন ও কৃষি কার্ডের মাধ্যমেই তা প্রমাণিত হয়েছে।’

শুক্রবার (২৭ মার্চ) ময়মনসিংহের নান্দাইলে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ৪টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশের ন্যায় বিএনপি এবং আমার সংসদীয় আসন নান্দাইলে ভোটের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নের জন্য কাজ শুরু হয়েছে।

নান্দাইলের গুরুত্বপূর্ণ ৬০টি রাস্তা ও ব্রিজ দ্রুতগতিতে করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, খাল পুনঃখননসহ সব উন্নয়নের চাহিদা অনুযায়ী তালিকা করা হয়েছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সবগুলোই বিএনপি সরকারের আমলে বাস্তবায়ন করা হবে।’

শুক্রবার উপজেলার মোয়াজ্জেমপুর-দত্তপুর সড়ক, রায়পাশা হাফিজিয়া মাদরাসা-দশধর শাহ মাজার সড়ক, কপালহর-লঙ্গারপাড় সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পশ্চিম দেউলডাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্যসচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, আবুল খায়ের বাবুল, সাংবাদিক মিন্টু মিয়াসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।