সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফুটবল বিশ্বকাপের সময় বিড়াল থেকে শুরু করে উটের কাছ থেকেও অনেকে জেনেছেন কোন ম্যাচে কোন দল জিতবে। বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এবার টেক্সাসের এক দম্পতি জলহস্তিকে তরমুজ খাইয়ে জানার চেষ্টা করেছেন, তাদের সংসারে ছেলে নাকি মেয়ে আসছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের জোনাথন জোসেফ ও ব্রিজেট জোসেফ দম্পতির ঘরে সন্তান আসছে। ব্রিজেট বর্তমানে সন্তানসম্ভবা। ছেলে নাকি মেয়ে আসছে, তা জানতে চিড়িয়াখানার এক জলহস্তীর শরণাপন্ন হন তারা। সন্তানের লিঙ্গ জানার জন্য তারা জলহস্তীকে খাওয়ালেন জেলি ভর্তি তরমুজ। কিন্তু তরমুজ খাইয়ে কী করে বুঝলেন তারা ছেলে হবে নাকি মেয়ে?

তাদের বিশ্বাস, জেলি ভরা তরমুজ খেতে গিয়ে যদি জলহস্তীর মুখ দিয়ে নীল রঙের জেলি বেরিয়ে আসে, তাহলে পুত্র হবে। জোনাথন ও ব্রিজেট জলহস্তীর মুখে তরমুজ ছেড়ে দেয়ার পর তার মুখ দিয়ে বেরিয়ে আসে নীল রংয়ের জেলি। আর তা দেখেই আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেন ওই দম্পতি।
ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। সন্তানের লিঙ্গ নির্ধারণের মানসিকতা দেখে বেজায় চটেছেন নেটিজেনরাও। পাশাপাশি জলহস্তীকে কৃত্রিম জেলি খাওয়ানোর জন্যও সমালোচিত হচ্ছেন ওই দম্পতি।










