সিল্কসিটিনিউজ ডেস্ক :

কয়েক সপ্তাহ আগে অনুষ্ঠিত আরেক পরীক্ষায়ও দুর্ঘটনা ঘটে। এ সম্পর্কে অবগত চারজন ব্যক্তির তথ্য অনুসারে, ব্ল্যাকসি কম্পানির আরেকটি স্বয়ংক্রিয় নৌযান একটি সহায়ক নৌযানকে টেনে নিয়ে যাওয়ার সময় হঠাৎ গতি বাড়িয়ে দিলে সহায়ক নৌযানটি উল্টে যায়।
ঘটনাগুলো সফটওয়্যার ত্রুটি ও মানবিক ভুলের মিশ্রণে ঘটেছে বলে জানা যায়।
ইউক্রেন যুদ্ধে সামুদ্রিক ড্রোনের গুরুত্বপূর্ণ প্রভাব দেখে যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্ব বহুবার জানিয়েছে, চীনের সম্ভাব্য তাইওয়ান অগ্রযাত্রা ঠেকাতে তাদের প্রয়োজন মানবহীন আকাশ ও সমুদ্র ড্রোনের ঝাঁক। তাইওয়ানও ইতিমধ্যে নিজেদের ড্রোন সংগ্রহ শুরু করেছে।
ইউক্রেনে ব্যবহৃত ড্রোনগুলো মূলত আসনবিহীন স্পিডবোটের মতো, যা অস্ত্র, বিস্ফোরক ও নজরদারি সরঞ্জাম বহন করতে পারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র স্বয়ংক্রিয় ড্রোনবহর গড়ে তুলতে চাইছে, যা সম্পূর্ণভাবে মানুষের নির্দেশনা ছাড়া ঝাঁকের মতো চলবে। এটি আরো ব্যয়বহুল—একেকটি স্পিডবোটের খরচ কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।
হাডসন ইনস্টিটিউটের স্বয়ংক্রিয় যুদ্ধবিষয়ক বিশেষজ্ঞ ব্রায়ান ক্লার্কের মতে, এসব পরীক্ষার ব্যর্থতা মূলত নৌবাহিনীর প্রযুক্তি মোতায়েনের বড় চ্যালেঞ্জ দেখিয়ে দেয়। তিনি বলেন, ‘কোন প্রযুক্তি কতটা কার্যকর ও কতটা অকার্যকর—তা বুঝে নৌবাহিনীকে কৌশল বদলাতে হবে।’
কিন্তু নৌকাগুলোর ব্যর্থতার বাইরেও নৌবাহিনীতে আরো সমস্যা রয়েছে। রয়টার্স জানতে পেরেছে, নৌবাহিনীর স্বায়ত্তশাসিত সামুদ্রিক ড্রোন অধিগ্রহণ ইউনিটও তার শীর্ষ অ্যাডমিরালের বরখাস্তের ফলে টালমাটাল অবস্থায় রয়েছে। পেন্টাগনের একজন শীর্ষ কর্মকর্তা গত মাসে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক খোলামেলা বৈঠকে এ কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
সাম্প্রতিক দুর্ঘটনার পর থেকে পেন্টাগনের প্রতিরক্ষা উদ্ভাবন ইউনিট (ডিআইইউ) নৌযান নিয়ন্ত্রণে ব্যবহৃত স্বয়ংক্রিয় সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর একটি—এল৩হ্যারিস (এলএইচ.এন) কম্পানির সঙ্গে প্রায় ২ কোটি ডলারের একটি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বলে জানিয়েছে বিষয়টি সম্পর্কে অবগত দুজন ব্যক্তি।
দুর্ঘটনার কারণ বা এল৩হ্যারিস চুক্তি স্থগিত করা সম্পর্কে প্রশ্নের জবাব দেয়নি পেন্টাগন, যা আগে রিপোর্ট করা হয়নি। পেন্টাগনের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা ‘অপারেটর ও শিল্পের মধ্যে প্রতিযোগিতামূলক ও পুনরাবৃত্তিমূলক পদ্ধতির’ অংশ হিসাবে ড্রোন পরীক্ষা চালিয়েছে।
এল৩হ্যারিসও এ সম্পর্কিত প্রশ্নের সরাসরি উত্তর দেয়নি। তবে কম্পানির সফটওয়্যার বিভাগীয় কর্মকর্তা টবি ম্যাগসিগ বলেন, ‘আমাদের স্বয়ংক্রিয় কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সফটওয়্যারের নিরাপত্তা, কার্যকারিতা ও সক্ষমতার পক্ষে আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি।’
সমুদ্র ড্রোনের উত্থান
২০২৩ সালে পেন্টাগন ১ বিলিয়ন ডলারের রেপ্লিকেটর প্রগ্রাম চালু করে, যার মাধ্যমে হাজার হাজার আকাশ ও সামুদ্রিক ড্রোন এবং সেগুলো নিয়ন্ত্রণের সফটওয়্যার কেনার পরিকল্পনা করা হয়। এ মাসেই প্রথম সিস্টেম ঘোষণার কথা রয়েছে।
ক্রয় রেকর্ড অনুসারে, নৌবাহিনী ইতিমধ্যে ব্ল্যাকসিকে কমপক্ষে ১৬ কোটি ডলারের চুক্তি দিয়েছে। কম্পানিটি মাসে ডজনখানেক গ্লোবাল অটোনোমাস রিকনেসান্স ক্রাফট তৈরি করছে। অপরদিকে সম্প্রতি অ্যান্ড্রিসেন হোরোভিটজ ও ৮ভিসির তহবিল সংগ্রহের মাধ্যমে ৪ বিলিয়ন ডলার মূল্যের সরোনিক তৈরি করা হয়েছে। তারা প্রতিযোগিতামূলক সমুদ্র ড্রোন কর্সেয়ার তৈরি করে, কিন্তু এখনো কোনো বড় চুক্তি ঘোষণা করেনি। ফেডারেল ক্রয় রেকর্ড দেখায়, কম্পানিটি প্রোটোটাইপ চুক্তি থেকে কমপক্ষে ২০ মিলিয়ন ডলার আয় করেছে।
ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান জিম কিলবি জুনে ব্ল্যাকসির কারখানা সফরে বলেন, ‘এগুলো ভবিষ্যতের নৌযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—নৌবহরের সক্ষমতা বাড়াবে, পরিস্থিতি বোঝার দক্ষতা উন্নত করবে ও লড়াইয়ে কার্যকারিতা বৃদ্ধি করবে।’
নৌবাহিনীর টালমাটাল সময়
দায়িত্বে ফিরে আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ড্রোনবহর গঠনে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তার ‘বিগ বিউটিফুল বিল’ গত মাসে পাস হয়েছে, যেখানে মানবহীন সামুদ্রিক ব্যবস্থার জন্য প্রায় ৫ বিলিয়ন ডলার বরাদ্দ রয়েছে।
কিন্তু নতুন প্রশাসনের অধীনে নৌবাহিনীর এ উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই সংশয় দেখা দিয়েছে।
এপ্রিল মাসে প্রোগ্রাম এক্সিকিউটিভ অফিস আনম্যানড অ্যান্ড স্মল কমব্যাটেন্টস (পিইও ইউএসসি) নামে পরিচিত নৌবাহিনীর মূল ড্রোন নৌকা ক্রয় ইউনিট লিঙ্কডইনে একটি পোস্টে ব্ল্যাকসির জাহাজ নিয়ন্ত্রণে ব্যবহৃত সফ্টওয়্যারের সফল প্রদর্শনের কথা তুলে ধরে, এটিকে ’সমুদ্র স্বায়ত্তশাসনের অগ্রগতির দিকে একটি বড় পদক্ষেপ’ হিসাবে প্রশংসা করে।
জবাবে ডেপুটি সেক্রেটারি অফ ডিফেন্স স্টিভেন ফেইনবার্গের তৎকালীন চিফ অফ স্টাফ কলিন ক্যারল পরামর্শ দিয়েছিলেন, এ প্রগ্রামটি পেন্টাগনের অভ্যন্তরে অন্যান্য প্রচেষ্টার নকল করছে। তিনি লিংকডইন পোস্টের উত্তরে বলেন, ‘আমার মনে হচ্ছে এ প্রগ্রামের ভবিষ্যতে পরিবর্তন আসছে।’ পেন্টাগনের সঙ্গে বর্তমানে না থাকা ক্যারল, আরো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
সম্প্রতি একাধিক ব্যর্থতার কারণে পিইও ইউএসসি পর্যালোচনার মুখে পড়েছে ও একে পুনর্গঠন কিংবা বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিষয়টির সঙ্গে পরিচিত চারজন জানিয়েছেন। নৌবাহিনী ইউনিটটির প্রধান রিয়ার অ্যাডমিরাল কেভিন স্মিথকে নেতৃত্বের ওপর আস্থা হারানোর কারণে বরখাস্ত করার দুই মাস পর এটি ঘটছে। তার বিরুদ্ধে নৌবাহিনীর ইন্সপেক্টর জেনারেলের আনা অভিযোগের সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্মিথের সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।
গত মাসে অনুষ্ঠিত এক বৈঠকে উপপ্রতিরক্ষা সচিব স্টিভেন ফাইনবার্গের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা কলিন ক্যারল নৌবাহিনীর স্বয়ংক্রিয় নৌযানের সক্ষমতা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন। বিষয়টি সম্পর্কে অবহিত তিনজন জানায়, ফাইনবার্গ নৌবাহিনী যে কিছু সক্ষমতা অর্জন করছে তা দেখে সন্তুষ্ট হননি ও এগুলো খরচ-সাশ্রয়ী কি না তা নিয়েও প্রশ্ন তোলেন।
পিইও ইউএসসি বিষয়ে প্রশ্ন নৌবাহিনীতে পাঠাতে বলে পেন্টাগনের এক মুখপাত্র বলেন, ‘আমরা ব্যক্তিগত অভ্যন্তরীণ বৈঠক নিয়ে কোনো মন্তব্য করব না।’
নৌবাহিনী বৈঠক কিংবা পিইও ইউএসসি ইউনিট পর্যালোচনার বিষয়টিতে কোনো মন্তব্য করেনি। নৌবাহিনীর মুখপাত্র টিমোথি হকিন্স জানান, এ ইউনিট তাদের মিশনের প্রতি অটল রয়েছে, যার মধ্যে মানববিহীন সামুদ্রিক সিস্টেমের রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের অধিগ্রহণ কর্তৃপক্ষ হিসেবে কাজ করা অন্তর্ভুক্ত।
অস্থিরতার মধ্যে শিপবিল্ডার ও সফটওয়্যার নির্মাতারা আরো বৃহৎ স্বয়ংক্রিয় সামুদ্রিক প্রকল্প—যেমন মানববিহীন সাবমেরিন ও পণ্যবাহী জাহাজ—নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
জাহাজ নির্মাতা ও সফটওয়্যার সরবরাহকারীরা যখন মনুষ্যবিহীন সাবমেরিন ও পণ্যবাহী জাহাজের মতো আরো বৃহত্তর স্বায়ত্তশাসিত সামুদ্রিক প্রকল্পগুলো সুরক্ষিত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, তখন এ অস্থিরতা দেখা দিয়েছে।
গত সপ্তাহে পিইও ইউএসসি মডুলার অ্যাটাক সারফেস ক্রাফট প্রকল্পের জন্য প্রস্তাব গ্রহণ শুরু করেছে, যাতে মাঝারি ও বড় জাহাজ কেনা হবে। এগুলো কনটেইনার, নজরদারি সরঞ্জাম বহন এবং আক্রমণ চালাতে সক্ষম হবে।
স্বয়ংক্রিয় অস্ত্র বিশেষজ্ঞ ও আটলান্টিক কাউন্সিল ফেলো টি এক্স হ্যামেস জানান, নৌবাহিনী এক অনাবিষ্কৃত ক্ষেত্রে প্রবেশ করেছে—দশকের পর দশক ধরে প্রচলিত পদ্ধতিকে দ্রুত বদলানোর চেষ্টা করছে। তিনি বলেন, ‘আপনি এমন একটি ব্যবস্থার কথা বলছেন, যা বড় জাহাজ বানাতে অভ্যস্ত, যেখানে কোনো সিদ্ধান্ত নিতে বছরের পর বছর সময় লাগে। আর এখন হঠাৎ তাদের দ্রুত অগ্রসর হতে বলা হচ্ছে।’










