সিল্কসিটিনিউজ ডেস্ক :
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত।
সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দীন মামলার তদন্তকারী কর্মকর্তার দাখিল করা চার্জশিট গ্রহণযোগ্যতার ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানিতে উপস্থিত ছিলেন মামলার বাদী ও নিহত আলিফের বাবা জামাল উদ্দিন।
চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী আদালতে যুক্তি উপস্থাপন করেন।
আদালত ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
এর আগে গত ১০ আগস্ট আদালত বাদীর উপস্থিতিতে শুনানির জন্য সমন জারি করেন। সেই মোতাবেক সোমবার মামলার বাদী জামাল উদ্দিন আদালতে হাজির হন।
বর্তমানে চিন্ময়সহ ২০ জন আসামি গ্রেফতার আছেন এবং ১৯ জন পলাতক রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও ৫টি মামলা করা হয়।
সূত্র: যুগান্তর









