জাতীয়

চাচাতো ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে প্রাণ গেল আরেক ভাইয়ের

নিউজ ডেস্ক২০ জুন ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মৌলভীবাজারের কমলগঞ্জে চাচাতো ভাইয়ের আকস্মিক মৃত্যুর শোক সইতে না পেরে প্রাণ হারালেন আরেক ভাই।

শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের নছরতপুর (মল্লিকপাড়া) গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের নীরেন্দ্র মল্লিক (৪৫) এবং তার চাচাতো বড় ভাই পল্লী চিকিৎসক দিগেন্দ্র মালাকার (৬০)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন ব্যবসায়ী নীরেন্দ্র মল্লিক। স্বজনরা তাৎক্ষণিক একটি অ্যাম্বুলেন্সে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অ্যাম্বুলেন্সে করে মরদেহ বাড়িতে পৌঁছার পর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

কান্নার শব্দে নিহতের চাচাতো ভাই দিগেন্দ্র মালাকার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকেও একই অ্যাম্বুলেন্সে করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের আত্মীয় অনন্ত মালাকার বলেন, এমন মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি।

নীরেন্দ্রর মৃত্যুর খবর শুনে আমরা যখন সবাই স্তব্ধ, ঠিক তখনই দিগেন্দ্র দাদাও আমাদের ছেড়ে চলে গেলেন। একই রাতে, একই অ্যাম্বুলেন্সে করে আধা ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের এভাবে চলে যাওয়াটা পুরো গ্রামকে স্তব্ধ করে দিয়েছে।