বর্তমান বাংলাদেশ অঞ্চলে একসময় সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ছিল ২৫ বছর; স্বাধীন বাংলাদেশের শুরুর দিক থেকেই এই বয়স বাড়িয়ে ২৭ বছরে উন্নীত করা হয়। ১৯৮০-র দশকে বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজটের ফলে শিক্ষার্থীদের বেশির ভাগ স্নাতক, বিশেষত স্নাতকোত্তর শিক্ষা ২৭ বছর বয়সের মধ্যে শেষ করতে পারছিল না। ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ১৫ বছরাধিক সামরিক-আধাসামরিক শাসনের পর নতুনভাবে দেশে সংসদীয় গণতন্ত্র ফিরে এলে এ ধারার প্রথম গণতান্ত্রিক সরকার বিষয়টি অনুধাবন করে ১৯৯১ সালে এক হাজার ৩০০ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের আগে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স তিন বছর বাড়িয়ে ৩০ বছরে উন্নীত করে।


তখনো অবসরের বয়স ৫৭ বছরই থেকে যায়। এই অবস্থা প্রায় ৩৬ (১৯৭২-২০০৮) বছর ধরে চলে। ১৯৯১ সালে চাকরিতে প্রবেশের বয়স একবারে তিন বছর বৃদ্ধির সাপেক্ষে অবসরের বয়সও তিন বছর বাড়ানোর যুক্তি মজবুত থাকলেও নতুন ধারার চতুর্থ গণতান্ত্রিক সরকার ২০০৯ সালে তা মাত্র দুই বছর বাড়িয়ে ৫৯ বছরে উন্নীত করে। অল্প দিনের মধ্যেই শুধু মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়স ৬০ বছর করা হয়। সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়স ৫৯ বছর করার প্রস্তাবকারী, অনুমোদনকারী ও বাস্তবায়নকারীদের আমি নাম দিয়েছি ‘উন-পছন্দ ব্যক্তিবর্গ’। তাঁদের কাছে জানতে ইচ্ছা করে ৫৯ কী জন্য এত বিখ্যাত!

জনপ্রশাসন ক্যাডারের সচিব পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে গঠিত ‘সচিব কমিটি’ ২০১৭ সালের প্রথমার্ধে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এক সভায় অবসরের বয়স আরো তিন বছর বাড়িয়ে ৬২ বছরে উন্নীত করার দাবি করেছিলেন বলে কোনো কোনো গণমাধ্যমে খবর বেরিয়েছিল। প্রশ্ন হচ্ছে, সরকারি চাকরিজীবীদের অবসরের বয়স এতটা বাড়ানো হলে নতুনদের জন্য জায়গা করে দেওয়ার সাধারণ নীতি কি মার খেয়ে বা চাপা পড়ে যেত না? যেমনটা শোনা গিয়েছিল, তরুণ যুগ্ম সচিবদের যৌথ নেতৃত্বের কাছে সিনিয়রদের সব দাবি মার খেয়ে যায়। অর্থাত্ উল্লিখিত জনকল্যাণ চিন্তার পরিবর্তে জুনিয়রদের গোষ্ঠীস্বার্থ সিনিয়রদের ওপর জয়যুক্ত হয়!
বিশ্বায়নের এই যুগে দেশের অবস্থাও দ্রুত বদলাতে থাকে। দিনবদলের এই ধারায় চাকরি থেকে অবসরের বয়স বাড়ানোর বিষয়টিও জরুরিভাবে প্রয়োজন হয়ে পড়ে। এই বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ সম্প্রতি একটি দৈনিকে ‘দক্ষতা ও যোগ্যতার অপচয় কাম্য নয়’ শীর্ষক নিবন্ধে চাকরি থেকে অবসরের বয়স বৃদ্ধির পক্ষে বেশ জোরালো যুক্তি উপস্থাপন করেছেন। এগুলোর মধ্যে আছে : ১. স্বাধীন হওয়ার পরও বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল মাত্র ৫২ বছর, যা বিগত ৪০-৪৫ বছরে বেড়ে হয়েছে প্রায় ৭৩ বছর; ২. অকালে অবসরে যাওয়া মানুষেরা সুস্থতার বিচারে আরো দীর্ঘদিন কর্মক্ষম থাকছেন, কিন্তু কর্ম পাচ্ছেন না; ফলে হতাশায় নিমজ্জিত হওয়ার প্রচুর সম্ভাবনা তৈরি হচ্ছে; ৩. সুস্থ, সবল, দক্ষ ও অভিজ্ঞ—এসব মানুষের সেবা না নেওয়া জাতীয় অপচয়; ৪. কয়েকটি দেশে অবসরের বয়স (ভারতে ৬০, সুইজারল্যান্ড ও সুইডেনে ৬৫, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানে ৬৬ বছর) বাংলাদেশের এ বয়স থেকে ঢের বেশি।
ড. এ কে এম শাহনাওয়াজের যুক্তিগুলো অকাট্য। তবে নতুনদের জন্য পথ পরিষ্কার করা ও রাখার নীতিটি মানলে অবসরের বয়স সুইজারল্যান্ড, সুইডেনে বা যুক্তরাষ্ট্রের মতো ৬৫-৬৬ বছরে উন্নীত করা যাবে না। আর বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বিচারপতিদের মতো দীর্ঘদিন সেবা করার ব্যবস্থা রেখে অবসরের বয়স বাড়ানো শক্ত বাঁধনে আঁটা পদকাঠামোবিশিষ্ট সরকারি চাকরি অনুমোদন করবে না।
চাকরির সীমিত সুযোগ এবং করোনার কারণে এবার বিসিএস পরীক্ষাও স্থগিত থাকায় নতুন চাকরিপ্রার্থী তরুণরা পাঁচ-ছয় মাস নয়, পুরো একটি বছর পিছিয়ে পড়েছে; আসন্ন শীতে করোনার নতুন ঢেউ এলে সেটি দুই বছরে পৌঁছার সমূহ সম্ভাবনা তৈরি করবে। আর বিপুল আয়োজনে দেশমাতৃকার তরুণদের লেখাপড়া শিখিয়ে বয়সের মারপ্যাঁচে ফেলে বেকারত্বের গ্লানি উপহার দেওয়া তো কোনো কল্যাণকামী রাষ্ট্রের নীতি হতে পারে না! বাস্তবে সরকারি চাকরিতে ‘প্রবেশের বয়স’ বিষয়টি দেশের তরুণদের কাছে অবিচার হিসেবে ধরা দিচ্ছে। সুতরাং চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স অচিরেই অন্তত ৩২ বছরে উন্নীত করা দরকার হবে।
নিয়োগ পরীক্ষার (বিশেষত বিসিএস) জন্য তিন বছর বরাদ্দ ধরলে ৩২ বছর বয়সে আবেদন করা তরুণদের চাকরি শুরু করতে বয়স হয়ে যাবে ৩৫ বছর। এতে অন্তত ২৫ বছর কর্মকাল রাখার প্রয়োজনে অবসরের বয়স ভারতের মতো অন্তত ৬০ বছরে উন্নীত করা জরুরি হবে। করোনার কারণে এবার বেশির ভাগ নিয়োগ বন্ধ বা স্থগিত থাকায় অনেক পদ খালি পড়ে থাকছে। তাই তাড়াহুড়া করে ৫৯ বছরে অবসরে পাঠানো অচিরেই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসনিক, ব্যবস্থাপনাসহ সব কর্মে অচলাবস্থা তৈরি করতে পারে।
গণপ্রজাতন্ত্রী (একসঙ্গে ‘গণ’ ও ‘প্রজা’ দুটি শব্দের ব্যবহার সাহিত্যিক, রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের চিন্তায় আমাদের রাষ্ট্রকে তত্ত্বগতভাবে ‘ডাবল গণতান্ত্রিক’ করেছে!) বাংলাদেশ রাষ্ট্রের কল্যাণকামী হওয়ার কোনো বিকল্প থাকতে পারে না। জাতিসংঘ ঘোষিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ অর্জনের প্রধান উপায় আমজনতার চিন্তা-ভাবনার প্রতি সংবেদনশীল হওয়া এবং তা সাদরে গ্রহণ করে অন্তর্ভুক্তিমূলক (Inclusive) সিদ্ধান্তে রাষ্ট্র পরিচালনা করা।
চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি করার বিষয়ে তরুণদের দাবি ও আন্দোলনকে গুরুত্ব দেওয়া এবং বয়স্কদের অভিজ্ঞতা আরো কিছুদিন কাজে লাগানোর চিন্তা সরকারের মধ্যেও দেখা দিয়েছিল। তার নির্যাস বয়োজ্যেষ্ঠ মন্ত্রী এ এম এ মুহিত ২০১৮ সালের প্রথমার্ধে গণমাধ্যমে প্রকাশ করেছিলেন। বলেছিলেন, অচিরেই সরকারি চাকরিতে প্রবেশের বয়স বেড়ে ৩২-৩৫ এবং অবসরের বয়স বেড়ে ৬০-৬২ বছর হচ্ছে।
ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিসে আছে : মানলাম ইয়ারহাম সাগিরিনা ওয়া ইয়ারিফ হাক্কা ক্বাবিরিনা ফা-লাইসা মিন্না (অর্থাত্ যারা ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, তারা আমাদের দলভুক্ত নয়)। মধ্যবয়সের কোনো ‘উন-পছন্দ ব্যক্তিবর্গ’ আমাদের তরুণদের স্নেহবঞ্চিত করে, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মন্ত্রী মহোদয় এবং সিনিয়র কর্মকর্তাদের ওপর থেকে সম্মান উঠিয়ে নিয়ে হজরত মুহাম্মদ (সা.)-এর পছন্দনীয় দলের বাইরে চলে গিয়ে সেখানেই থাকতে চায়, জাতি নিশ্চয়ই তাদের পরিচয় জানতে চাইবে।
স্কুলজীবনে দুলাইন কবিতা পড়েছিলাম : ‘অসুন্দরে নাশবি যদি, গড়বি নব নন্দনে রে’। এটি কার কবিতা, শিরোনামই বা কী তা এখন আর মনে পড়ছে না। কিন্তু সবাই বোঝেন : নতুন নন্দন (বাগান) সৃষ্টি করতে হলে বর্তমানে যা কিছু অসুন্দর, জঞ্জাল রয়েছে তা দূর (নাশ/হত্যা) করার কোনো বিকল্প নেই। সরকারি চাকরি থেকে অবসরের বর্তমান বয়সটি (উনষাট বছর) অসুন্দর।
আশা করি, সব দিক বিবেচনায় নিয়ে সদাশয় সরকার সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স অন্তত ৩২ বছরে উন্নীত করে তরুণদের প্রতি স্নেহের ছায়ার পুনর্বিস্তার ঘটাতে দেরি করবে না। নিয়োগ পরীক্ষার জন্য তিন বছর বরাদ্দ ধরে ২৫ বছর কর্মকাল রাখার প্রয়োজনে অসুন্দর সংখ্যা উনষাটের পরিবর্তে অবসরের বয়স অতিসত্বর অন্তত পূর্ণ ৬০ বছরে উন্নীত করাও জরুরি। করোনাকালে নিয়োগ বন্ধের ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচাঞ্চল্য বজায় রাখার স্বার্থেও এই মুহূর্তে অবসরের বয়স ৬০ বছরে উন্নীত করার ঘোষণা দিয়ে, সম্ভব হলে গত জুলাই থেকে তা কার্যকর করা জরুরি কর্তব্য বলে বিবেচনা করি।
লেখক : শিক্ষা গবেষক এবং বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার সদস্য
সূত্রঃ কালের কণ্ঠ










