নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ শহরে পৌনে ২৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ভবনের উদ্বোধন করা
হয়েছে। আজ শনিবার দুপুরে এ হাসপাতালের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. সাইফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান, গণপূর্ত বিভাগ রাজশাহী সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো, জিল্লার রহমান, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, জেলা আ’লীগের সহ-সভাপতি মো. রুহুল আমিন, শহর আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মো. মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, বিএমএ’র জেলা সভাপতি ডা. দুুরুল হোদা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল ওদুদ এমপি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। প্রয়োজনীয় লোকবল অনুমোদন পাওয়া গেছে। সেই সাথে প্রয়োজনীয় যন্ত্রপাতিও চলে আসবে, ফলে জেলাবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হবে। তিনি আরো বলেন, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মধ্যদিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন।এছাড়া, সরকার দেশের উন্নয়নে বিশ্বাসী বলে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছেন। এ জেলায় মেডিকেল কলেজ, নার্সিং ইন্সটিটিউটকে কলেজে রুপান্তর, চরাঞ্চলের মানুষের জন্য শেখ হাসিনা সেতু এলাকায় ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নির্মানের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, যা অচিরেই বাস্তবায়ন করা হবে। তিনি উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
এর আগে, প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২৪ কোটি ৭৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ভবনের উদ্বোধন করেন।
স/শা









