সদ্য প্রকাশিত
বিচিত্র

ঘর ছাড়াই দোকান! শহরে বাড়ছে আজব বিকিকিনির জায়গা

নিউজ ডেস্ক২ জুলাই ২০১৭২ মিনিট পড়া
ঘর ছাড়াই দোকান! শহরে বাড়ছে আজব বিকিকিনির জায়গা

সিল্কসিটিনিউজ ডেস্ক: আয়লার সময়েই অশ্বত্থ গাছটি একদিকে হেলে পড়েছিল। তারপর থেকে হেলেই রয়েছে সেটি। গাছের গুঁড়ির গায়ে পেরেক দিয়ে আটকানো রয়েছে সাইনবোর্ড। মাটি কেটে জল এবং সার প্রয়োগ অথবা গাছের শাখাপ্রশাখা কেটে তা আগের অবস্থায় আনা কার্যত অসম্ভব। কারণ, মাটি থেকে কাণ্ডের মাঝামাঝি পর্যন্ত সিমেন্ট দিয়ে বাঁধিয়ে তার ওপর চলছে দোকান! এমনকী, গাছের বেশিরভাগ শাখাপ্রশাখাও ঢেকে দেওয়া হয়েছে রঙিন প্লাস্টিকের চাদরে!

এই দৃশ্য লর্ডসের মোড়ে ফুটপাথের। কীভাবে হেলে পড়া গাছের গোড়া বাঁধানো হল তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয়দের একাংশের আশঙ্কা, গাছটি যে কোনও সময় ভেঙে পড়তে পারে।

কলকাতা পুরসভার উদ্যান দফতরের এক আধিকারিক জানান, কোনও গাছকেই এভাবে বাঁধানো যেতে পারে না। এমনকী, গাছের পাতা আটকে সেখানে কোনও ছাউনি করাও যায় না। এই ধরণের কাজ সম্পূর্ণ বেআইনি। পুরসভা প্রয়োজনে এই ধরনের কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে জানান তিনি। উদ্যান দফতরের আরেক কর্তার কথায়, ‘‘এইভাবে বাঁধালে গাছের গোড়ায় জল যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়। এছাড়াও গাছের পাতা প্লাস্টিক দিয়ে ঘেরা হলে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অসুবিধা হয়।’’

ওই দোকানটিতে চাবি সারাইয়ের কাজ হয়। দোকানের মালিক মহম্মদ ইরফান জানান, রাস্তার ধারের ব্যবসায়ীরাই গাছের গোড়া বাঁধিয়ে দিয়েছেন। যদিও এ কাজের ব্যাপারে কোনও সদুত্তর দেননি স্থানীয় ব্যবসায়ীরা।

পুরসভার বক্তব্য, লর্ডসের মোড়ে ফুটপাথের ধারে কলকাতা পুরসভাই বিভিন্ন সময়ে গাছ পুঁতেছিল। ঝড়ে এবং বৃষ্টিতে বহু বড় গাছ রাস্তায় পড়ে প্রাণহানির আশঙ্কা থেকেই থাকে। সেই কারণেই বট বা অশ্বত্থের মত বড় গাছ যেগুলি মাটি আলগা করে সেগুলি পোঁতা হয় না। শহরে রাস্তার ধারে ছোট গাছ পোঁতা হয়। কলকাতা পুরসভার উদ্যান দফতরের মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, ‘‘ইতিমধ্যেই আমরা এই ধরনের গাছের সমীক্ষা করছি। যেখানে গাছ ভঙ্গুর সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’ পুরসভার বক্তব্য, লর্ডসের মোড়ের ওই গাছের বিষয়ে কোনও অভিযোগ পাওয়া যায়নি। পুর প্রতিনিধিরা পরিদর্শন করে ব্যবস্থা নেবেন।