সদ্য প্রকাশিত
মতামত

ঠিকাদারি-নিয়োগ গ্রহীতারা নির্লজ্জ, এদের ঘৃণা করুন

নিউজ ডেস্ক১৬ জানুয়ারি ২০২০৭ মিনিট পড়া
ঠিকাদারি-নিয়োগ গ্রহীতারা নির্লজ্জ, এদের ঘৃণা করুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া একটা সুষ্ঠু আইন-কানুন ও নিয়ম-নীতির অনুসরণে হয়ে থাকে। নিয়োগের সময়ে সংশ্লিষ্ট আইন, আইনের আওতায় প্রণীত নীতিমালা সঠিকভাবে অনুসৃত হলে সংশ্লিষ্ট নিয়োগ প্রশ্নাতীতভাবে সুষ্ঠু হিসেবে স্বীকৃত হয়।

কিন্তু অনেক ক্ষেত্রে নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠে। এ অনিয়ম আইনের বা নীতিমালার ত্রুটির জন্য যেমন কখনও কখনও হয়, তার চেয়ে বেশি হয় আইন বা নীতিমালা অনুসরণ থেকে বিচ্যুতির জন্য।

নিয়োগ-প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের ব্যক্তিস্বার্থ, স্বজনপ্রীতি, অদক্ষতা কিংবা অন্য পক্ষের চাপ বা হস্তক্ষেপে এসব অনিয়ম সংঘটিত হয়ে থাকে। মূলত ঘুষের অভিযোগটাই বেশি। রাজনৈতিক চাপে যেগুলো হয় সেগুলোতেও ঘুষ বিনিময়ের অভিযোগ বেশি থাকে।

নিয়ম-কানুনের কিছু ত্রুটি-বিচ্যুতি কিংবা সেগুলো অনুসরণের সঠিকতার ব্যত্যয় ঘটার পরও একবার নিয়োগ-প্রক্রিয়া শেষ হয়ে গেলে যোগদানের পর নিয়োগপ্রাপ্তদের আরেকটি প্রক্রিয়ায় চাকরি চলতে থাকে।

নিয়োগ ও পদোন্নতি বিধিমালা অনুসারে তাদের ভবিষ্যৎ কর্মজীবন নির্ধারিত হয় বিধায় একটা নির্দিষ্ট ধারাবাহিকতায় চাকরির সমাপ্তি ঘটাই স্বাভাবিক ও প্রত্যাশিত। কিন্তু আবারও পদোন্নতির ক্ষেত্রে নিয়মনীতি সঠিকভাবে অনুসরণ না করার জন্য বিভিন্ন অভিযোগ ওঠে।

এ ক্ষেত্রে বড় অভিযোগ ওঠে উপযুক্ত জ্যেষ্ঠদের পদোন্নতি না দিয়ে কনিষ্ঠ যোগ্যকে বা কনিষ্ঠ অযোগ্যকে পদোন্নতি দেয়ার। উপযুক্ত জ্যেষ্ঠকে পদোন্নতি না দিয়ে উপযুক্ত কনিষ্ঠকে পদোন্নতি দেয়া যেমন অপরাধ, তার চেয়ে বেশি অপরাধ কনিষ্ঠ অযোগ্যকে বা কম যোগ্যকে পদোন্নতি দেয়া।

’৯০-এর প্রথম দিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বাজাদ) ক্ষমতায় থাকাকালীন, যে গণপদোন্নতি দেয়া হয়েছে তাতে দলীয় বিবেচনার অভিযোগ শুরু হয়। তখন সিভিল সার্ভিসে ‘মনা’ সংস্কৃতি চালু হয়।

চাকুরেদের নামের পাশে রাজনৈতিক দলের সমর্থক বা অনুসারী হিসেবে আওয়ামী লীগ ঘরানার চাকুরেদের ‘আলী-মনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘরানার চাকুরেদের বাজাদ-মনা, জামায়াতে ইসলামী বাংলাদেশ ঘরানার চাকুরেদের জামায়াত-মনা হিসেবে চিহ্নিত করা শুরু হয়। নামের পাশে অ, ই ও ঔ লেখার প্রচলন হয় মর্মে জনশ্রুতি রয়েছে।

এ চিহ্নিতকরণের কাজটা অবশ্যই সব ক্ষেত্রে নির্ভুল ছিল না। চাকুরেদের মধ্যে ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্টরা নিজেদের গোষ্ঠীস্বার্থ প্রতিপালনে অন্য পক্ষকে ভুলভাবে চিহ্নিত করে লাভবান হতেন। তথাকথিত গোয়েন্দা রিপোর্টকে এ ক্ষেত্রে বড় হাতিয়ার হিসেবে কাজে লাগানো হতো।

অধিকন্তু, রাজনৈতিক ক্ষমতার সংশ্লিষ্টতায় প্রভাব বিস্তার করেও পক্ষ-প্রতিপক্ষ সৃষ্টি করে অনেক যোগ্য জ্যেষ্ঠকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। পদোন্নতি কমিটি, বিশেষত এসএসবি এ ক্ষেত্রে সঠিক যাচাই-বাছাইয়ে ব্যর্থ হয়েছে।

এসএসবির ব্যর্থতার মূল কারণ ছিল মন্ত্রিপরিষদ সচিবের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার অনীহা এবং দলকানা মনোভাব। সিভিল সার্ভিসে ওই যে ‘মনা’ এবং রাজনৈতিক বিবেচনা শুরু হল তা আর থামল না। বাজাদের পর আলীও একই ধারা বহাল রাখল এবং ফলস্বরূপ সিভিল-সার্ভিসে রাজনৈতিক বিভাজন স্পষ্ট হল। এতে সার্ভিস ক্ষতিগ্রস্ত হল এবং দলীয় তোষণ বেড়ে গেল।

প্রথম ধাপে নিয়োগের সময়ে, দ্বিতীয় ধাপে পদোন্নতি প্রক্রিয়ায় উপযুক্ত-অনুপযুক্ত কিংবা কম উপযুক্ত চাকুরে উপরে উঠতে থাকল। তারপরও সার্ভিসের গুণগতমান নষ্ট করে হলেও, একটা ধারা অনিচ্ছায় হলেও চাকুরেরা মেনে নেয়, মেনে নিতে বাধ্য হয়।

কিন্তু তৃতীয় ধাপে এসে ঠিকাদারি-নিয়োগের যে সংস্কৃতি চালু করা হয়েছে তাতে চাকুরেদের অসন্তোষ চরমে উঠেছে। যে কোনো পেশায় সব যোগ্য চাকুরেই নিজ নিজ লাইনে সর্বোচ্চ পদে যেতে আগ্রহী থাকেন। এটা স্বাভাবিক এবং কর্মপ্রেরণার মূল নিয়ামকও বটে।

কিন্তু সরকারি ভাষায় চুক্তিভিত্তিক, আমার মতে ঠিকাদারি-নিয়োগ একটা জঘন্য কাজ। এ পদ্ধতি ঠিকাদারি-নিয়োগদাতা এবং ঠিকাদারি-নিয়োগ গ্রহীতা উভয়ের জন্য ন্যক্কারজনক, লজ্জাজনক।

দাতা এমন নিয়োগের দ্বারা একটা বলয় সৃষ্টি করে, দলকানা গোষ্ঠী সৃষ্টিতে উৎসাহ জোগায়, সার্ভিসে নিয়মমাফিক, রীতিসিদ্ধ ও গ্রহণযোগ্য আনুগত্যের চেয়ে রাজনৈতিক ক্ষমতার তোষামোদী-আনুগত্যের প্রণোদনা দিয়ে থাকে।

এতে সরকারের প্রকৃত লাভ কতটুকু হয় তা কিন্তু মূল্যায়ন করা হয় না। বাস্তবে লাভ হয় না। অভিজ্ঞতার আলোকে দেখা যায়, দলকানা ‘মনা’দের ঠিকাদারি-নিয়োগ দিয়ে ন্যায়নিষ্ঠ জনস্বার্থ রক্ষা বিঘ্নিত হয়।

কেননা ঠিকাদারি-নিয়োগ প্রত্যাশীরা চাকরির মেয়াদ শেষের বেশ আগে থেকেই এ লক্ষ্যে পৌঁছার জন্য চাটুকারিতা করে করে নিজেদের মেরুদণ্ড বাঁকিয়ে ফেলে। এরা জো-হুকুমে অভ্যস্ত হয়ে পড়ে।

ফলে এদের দ্বারা হুকুম তামিল ছাড়া নতুন চিন্তা-চেতনার সৃষ্টি অসম্ভব হয়ে পড়ে। এরা নির্লজ্জ ও বেহায়া হয়। সমাজে ঘৃণার পাত্র হলেও সতীর্থ কিংবা কনিষ্ঠদের প্রতি এদের মমত্ববোধ বা ন্যায়ানুগ প্রাপ্যতার কোনো বিবেচনা থাকে না। অথচ তাদের ঠিকাদারি-নিয়োগ না দিলেও সরকার ও রাষ্ট্র সুন্দরভাবেই চলতে পারে।

সিভিল সার্ভিসে একশ্রেণির চাকুরে রয়েছেন, আগেও ছিলেন, ভবিষ্যতেও সরকার ঠিকাদারি-নিয়োগ বন্ধ না করলে থাকবেন, যারা আমৃত্যু ক্ষমতায় থাকতে চান, চেয়ারে থাকতে চান। এদের মন-মানসিকতা নিচু স্তরের।

এদের ধারণা, পদ থেকে অবসরে চলে গেলে এদের যেন আর কোনো মূল্য থাকে না। পরিবার যেন এদের আর প্রভাবশালী মনে করবে না, অন্যেরা যেন এদের আর সালাম দেবে না, গাড়ির দরজা খুলে দেয়া পিয়ন-ড্রাইভারের যেন আর খাদেম-খাদেম ভাব উপভোগ করা যাবে না, অফিসপাড়ায় যেন আর হম্বিতম্বি চলবে না, মেলে-মজলিসে যেন এরা স্যারের আসন থেকে পড়ে যাবে।

কিন্তু এটা কতদিন চলতে পারে? একসময় না একসময়ে তো পদ ছাড়তেই হবে, নিজে ছাড়তে না চাইলেও প্রকৃতি ছাড়িয়ে দেবে। অতএব নিয়মমাফিক চাকরির মেয়াদ শেষ হলে চলে আসার প্রস্তুতি চাকরির শুরু থেকেই থাকা উত্তম ও বাঞ্ছনীয়।

একজন চাকুরের সততা, কর্মনিষ্ঠা এবং সঠিক দায়িত্ব পালনই তাকে সম্মানের উচ্চতায় নিয়ে যায়। অবসরের পরও জনগণ তা মূল্যায়ন করে থাকে। সহকর্মীরাই শুধু নয়, কনিষ্ঠরাই শুধু নয়, জনগণও একজন দক্ষ সৎ চাকুরেকে অবসরের পরও যারপরনাই সম্মান করেন।

অপরদিকে, যোগ্য কনিষ্ঠদের উচ্চপদে যাওয়ার পথ অবরুদ্ধ করে যেসব চাকুরে ঠিকাদারি-নিয়োগের জন্য হন্যে হয়ে ঘোরে, ছুটে বেড়ায়, রাজনৈতিক নেতৃত্বের পদলেহন করে, সময়-সুযোগে ঘুষের বা অনৈতিকতারও আশ্রয় নেয়, তাদের সামনে ভয়ে কিছু না বললেও সহকর্মী বা কনিষ্ঠরা যারপরনাই ঘৃণা করেন, আড়ালে-আবডালে অনেক বাজে বাজে মন্তব্য করেন।

ঠিকাদারি-নিয়োগ বেশ আগে থেকেই চলে আসছে। আমার চাকরির শুরুই হয়েছিল এক ঠিকাদারি-নিয়োগপ্রাপ্ত সচিবের অধীনে। মরহুম এম কেরামত আলী তখন মন্ত্রিপরিষদ সচিব। চাকরির শুরুতেই আমার মনে ঠিকাদারি-নিয়োগ নিয়ে একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছিল। আমি সবসময়েই এর বিরুদ্ধে ছিলাম এবং এখনও আছি। কেরামত আলী সাহেব আমার

জন্মের পূর্বে সিভিল সার্ভিসে যোগদান করেছেন, আমার প্রিয় সচিবদের একজনও, তাকে নিয়ে আমার সম্মানপ্রদানমূলক স্মৃতিলেখাও রয়েছে। কিন্তু তারপরও তার ঠিকাদারি-নিয়োগ গ্রহণ আমার অপছন্দনীয় ছিল।

তিনি আমাকে বেশ স্নেহ করতেন, আমার এসিআরে চমৎকার মন্তব্যও করেছিলেন, তার শেষ অবস্থায় ইন্দিরা রোডের বাসায় আমি তাকে দেখতেও গিয়েছিলাম, তার কুলখানিতেও হাজির ছিলাম। ওই কুলখানিতে সাবেক দুই রাষ্ট্রপতিও ছিলেন, এখনও তার জন্য, আমার আরও কয়েকজন প্রিয় সচিবের জন্য দোয়া করি; কিন্তু তার ঠিকাদারি-নিয়োগ আজও আমার কাছে ঘৃণিত।

পরে তিনি মন্ত্রী হওয়ার পর তার মন্ত্রণালয়ে আমাকে নিতে চাইলেও আমি আর যাইনি এ কারণেই। চাকরি করতে গেলে অনিচ্ছুক হলেও এ ধরনের ঠিকাদারি-নিযুক্তদের অধীনে অনেকেরই কাজ করতে হয়, হবেও।

কিন্তু তারা কি জানেন তারা কত ঘৃণিত হচ্ছেন? তারা হয়তো জানেন, বোঝেনও; কিন্তু নির্লজ্জ হলে এসব জানা-বোঝায় কোনো কাজ হয় না। আরেক মন্ত্রিপরিষদ সচিবের ঠিকাদারিত্বের মেয়াদেই তার কাছে ঠিকাদারি-নিয়োগের বিরুদ্ধে আবেদন জানাতে আমাদের এক গ্রুপ কর্মকর্তার উপস্থিতিতে তার কক্ষেই আমি বলেছিলাম, স্যার নিজেই তো চুক্তিতে, তার কাছে এ আবেদন করে কী লাভ।

তিনি আগে আমার যুগ্ম সচিব ছিলেন, তিনি আমার মুখের দিকে তাকিয়ে দেখলেন। তিনিও আমার প্রিয় অফিসার ছিলেন। আমি নিজে যুগ্ম সচিব থাকাকালীন আরেক মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কাজ করেছি। যুগ্ম সচিব হওয়ার পরই যোগদান করতে গিয়ে তাকে প্রথম দেখেছি। তার সম্বন্ধে একটা মিথ্যা বাগাড়ম্বরও রয়েছে।

দু’দুবার ঠিকাদারি-নিয়োগ পাওয়ার পরও মেয়াদ শেষে আরেকবার পাওয়ার লোভে তাকেও অফিসে বসে থাকতে দেখা গেছে। কী নির্লজ্জ গো! পরে তৎকালীন প্রধানমন্ত্রী ডেকে চা খাইয়ে বিদায় করেন। ঠিকাদারি-নিয়োগের আশায় এরা এসএসবিতে ন্যায়বিচার করতেও ব্যর্থ হয়েছেন মর্মে শোনা যায়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে তার কার্যালয়ে সচিবদের মধ্যে একজন তো পাঁচবার ঠিকাদারি-নিয়োগ নিয়েছেন। শোনা যায়, তৃতীয় বিভাগের এ গ্রাজুয়েট নাকি রমজানে চতুর্থবার ঠিকাদারি-নিয়োগ অবসানে ইফতারি করে বিদায় নেয়ার পর আবার দিন ভিত্তিতে অর্থাৎ কয়েকদিনের জন্য পঞ্চমবার ঠিকাদারি-নিয়োগ নিয়েছিলেন।

মাগো, এরা কত নির্লজ্জ হতে পারে! আমি বুঝি না, এরা সমাজে, সতীর্থ সহকর্মীদের মুখ দেখায় কীভাবে? আরও কত কত উদাহরণ রয়েছে, কত দেব। এদের আপনারা, আমরা সবাই ঘৃণা করি, দেখলে বলি না- আপনি ঠিকাদার।

একজন চাকুরে চেষ্টা করলে তার কর্মকালেই ভালো কাজের নজির স্থাপন করতে পারেন। অবসরে তার ভালো কাজ তাকে আনন্দ দেবে। কী লাভ ২-৪ বছরের ঠিকাদারি নিয়ে? মরেও তো যেতে হবে।

অতএব, আসুন আমরা চাকুরেরা ঠিকাদারি-নিয়োগ গ্রহণ থেকে বিরত থাকি এবং যারা অন্যের সুযোগ বন্ধ করে ঠিকাদারি-নিয়োগ গ্রহণ করে, তাদের প্রতি বিভিন্নভাবে ঘৃণা প্রকাশ করে তাদের বুঝতে দেই যে, তারা কাজটি ঠিক করেননি।

বদিউর রহমান : সাবেক সচিব, এনবিআরের সাবেক চেয়ারম্যান