সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

গোসল করানোর সময় হঠাৎ নড়ে উঠল ‘মৃত’ নবজাতক!

নিউজ ডেস্ক২৩ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
গোসল করানোর সময় হঠাৎ নড়ে উঠল ‘মৃত’ নবজাতক!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হাসপাতালে জন্মের পরই মৃত ঘোষণা করা হয় নবজাতকটিকে। শোকে বিহ্বল স্বজনেরা দাফনের জন্য কবরস্থানে নিয়ে যান লাশ। গোসল করানোর সময় হঠাৎ নড়ে ওঠে নবজাতক। দ্রুত তাঁকে আবার আরেক হাসপাতালে নেওয়া হয়। আজ সোমবার রাজধানীতে এমন একটি ঘটনা ঘটেছে।

সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাশিশুর জন্ম দেন শারমিন আক্তার (২০)। জন্মের পর নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে শিশুটির মামা শরিফ তাকে দাফনের জন্য আজিমপুর কবরস্থানে নিয়ে যান। সেখানে গোসল করানোর সময় হঠাৎ নড়ে ওঠে নবজাতকটি। শরিফ দ্রুত তাকে আজিমপুর মাতৃসদন হাসপাতালে নিয়ে যান। সেখানের চিকিৎসকেরা শিশুটিকে আগারগাঁও শিশু হাসপাতালে পাঠান। এখন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘খবরটি শুনেছি। বিভাগীয় প্রধানকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’