সদ্য প্রকাশিত
রাজনীতি

গোপনে যে কোনো চুক্তি করা জুলাই চেতনার পরিপন্থি: আনু মুহাম্মদ

নিউজ ডেস্ক১৩ মে ২০২৫২ মিনিট পড়া
গোপনে যে কোনো চুক্তি করা জুলাই চেতনার পরিপন্থি: আনু মুহাম্মদ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ড. ইউনূসের সরকার একদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসন, লুটপাট, অর্থ-পাচার, নির্যাতন ও হত্যা-গুমের বিরুদ্ধে তাদের অবস্থান ঘোষণা করেছে। অপরদিকে শেখ হাসিনার আমলে সম্পাদিত দেশের স্বার্থবিরোধী সব চুক্তি ও সমঝোতা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। গোপনে যে কোনো চুক্তি সম্পাদন করা হবে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থি।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা ও ভূরাজনৈতিক প্রশ্ন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বিপ্লবী কমিউনিস্ট লীগ।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, আমরা অনেকদিন ধরেই চট্টগ্রাম বন্দর নিয়ে সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে লড়াই করেছি। লং মার্চও করেছি। এই লড়াই এখন আরও জোরালো করতে হবে।
অনুষ্ঠানে সূচনা বক্তব্যে কমরেড ইকবাল কবির জাহিদ বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি- ড. ইউনূসের সরকার দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা ও ভূরাজনৈতিক স্পর্শকাতর বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা তাদের এজেন্ডা হওয়া উচিত নয়। বরং অন্তর্বর্তী সরকারের উচিত সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু জাতীয় নির্বাচনের চেয়ে অন্য বিষয়ে এই সরকারের আগ্রহ বেশি।
মতবিনিময় সভায় লিখিত বক্তব্য উত্থাপন করেন পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড আবদুস সাত্তার। এতে আরও বক্তৃতা করেন দলের সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মোশাররফ হোসেন নান্নু, কেন্দ্রীয় সদস্য কমরেড হারুন উর রশিদ, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সভাপতি এএসএম কামাল উদ্দিন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সিপিবির কেন্দ্রীয় সদস্য আসলাম খান, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান প্রমুখ।

সূত্র: যুগান্তর