গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীর টমেটো পাকানোর জায়গা দখল নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৫টার সময় হেলিপ্যাড মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন, সরমংলা লালবাগ গ্রামের আমিন মন্ডলের চার ছেলে মমিনুল (২৮), সুমন (২৪), মামুন (২২), কাউসার (২০), বাবু (৩২)।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোমিনুল জানান, আহতদের মধ্যে সুমন ও কাউসারের অবস্থা আশঙ্কাজনক । অপরপক্ষের আহতরা হলেন, নুহু (৪০), মোহাম্মদ (২২) ও আলমগীর (৩৫)।
আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে ফেরত গেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার হেলিপ্যাড মাঠে টমেটো পাকানোর মাঠ দখলকে কেন্দ্র করে শাহ্ আলম মেম্বারের নেতৃত্বে আমিন মন্ডলের আহত চার ছেলেকে টমেটো পাকার জায়গা না দেওয়ার জন্য বিভিন্নভাবে উস্কানী দেয়।
শাহ্ আলম মেম্বারের উস্কানিতে সরমংলা গ্রামের আলমগীর ও শাহ্ আলম মেম্বারের ছেলেরা তাদের বাধা নিষেধ করে। এতে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করতে থাকে।
পরবর্তীতে দু’পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে হেলিপ্যাড মাঠে সংঘর্ষে লিপ্ত হয়। এতে করে আমিন মন্ডলের চার ছেলে মাথায়, কানে, শরীরের বিভিন্ন জায়গায় প্রচন্ড ভাবে জখম হয়।
গোদাগাড়ী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে উভয় পক্ষের মধ্যেও চরম উত্তেজনা বিরাজ করছে। গত রমজান মাসেও খেলাধুলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে চরম রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিপজুর আলম মুন্সি জানান, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে কোন অবনতি দেখা গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
স/তা










