সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক১৭ আগস্ট ২০২৬১ মিনিট পড়া
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ট্রাকের ধাক্কায় অন্যজন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাশিমপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীরা হলেন- গোদাগাড়ীর বালিয়াঘাটা এলাকার আব্দুল হামিদের ছেলে আহসান আহমেদ হাসিব (২০), একই এলাকার এনামুল হকের ছেলে সাব্বির আহমেদ (২০)। তারা দুজনই চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হাসিব ও সাব্বির মোটরসাইকেলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। তারা মহাসড়কের কাশিমপুর বাঁক নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এর ফলে তারা মোটরসাইকেল থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে অন্য আরেকটি ট্রাক এসে তাদের ওপর দিয়ে চাপা দিয়ে চলে যায়। দুই ট্রাকের মাঝে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই দুই তরুণ।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা  বলেন,  ট্রাক দুইটিকে শনাক্ত এবং চালকদের আটকে অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হবে। আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।