সিল্কসিটিনিউজ ডেস্ক :
অ্যাশেজের গান ও অ্যালবাম
কনসার্টের ব্যস্ততার মাঝেও নতুন গানের ধারা অব্যাহত রাখে ব্যান্ড ‘অ্যাশেজ’। এই ঈদে বড় চমক নিয়ে আসছে তাঁরা। প্রকাশ করবে একসঙ্গে দুটি অ্যালবাম ‘বিভ্রম’ ও ‘ডানাহীন পাখি’। তবে অ্যালবামের গানগুলো একসঙ্গে নয়, ধাপে ধাপে আসবে।

চাঁদ রাতে দুই অ্যালবামের দুটি গান উন্মুক্ত করা হবে ব্যান্ডের ইউটিউব চ্যানেলে। বাকিগুলো আসবে এক সপ্তাহ পরপর। বরাবরের মতো গানের কথা ও সুর ‘অ্যাশেজ’ প্রধান জুনায়েদ ইভানের। অবস্তুগত সুখের দর্শন থেকে গানগুলো রচনা করেছেন তিনি।
কণা-আকাশের ঈদের গান
গানের সফল জুটি দিলশাদ নাহার কণা ও আকাশ সেন। আকাশের সুরে বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান করেছেন কণা। এবারের ঈদ উপলক্ষে তাঁরা একটি ঈদের গান করেছেন। ‘ঈদ এসেছে’ শিরোনামের গানটি ভাওয়াল মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
কথা সালাহউদ্দিন সাগরের, সুর আকাশের, সংগীতায়োজনে এ এন ফরহাদ।
আসিফ আকবর আসবেন ‘ভুল’ নিয়ে
আসিফ আকবর আসবেন ‘ভুল’ নিয়ে
আসিফ আকবরের ‘ভুল’
আগের তুলনায় গানের সংখ্যা কমিয়েছেন আসিফ আকবর। এখন আবার ক্রিকেট নিয়ে তাঁর বেশি ব্যস্ততা। এর ফাঁকে নতুন গান করলেন ঈদের জন্য। ‘ভুল’ শিরোনামের গানটির কথা ফয়সাল রাব্বিকীনের, সুর ও সংগীতায়োজনে রেজোয়ান শেখ।
ভিডিও বানিয়েছেন সৈকত রেজা। গানটি প্রকাশিত হবে সাউন্ডেকের ইউটিউব চ্যানেলে।
‘দূরে গিয়ে’ ন্যান্সি
ইদানীং নিয়মিতই গান করছেন নাজমুন মুনিরা ন্যান্সি। ঈদে আসছে তাঁর নতুন একক গান ‘দূরে গিয়ে’। লিখেছেন রাজু চৌধুরী এবং সুর করেছেন এহসান রাহী, সংগীতায়োজনে সেতু চৌধুরী। গানটি প্রকাশিত হবে শব্দ কারিগর ইউটিউব চ্যানেলে।
‘ফাকি’ দিলেন ফেরদৌস ওয়াহিদ
ঈদের আগেই নতুন গান উপহার দিলেন ফেরদৌস ওয়াহিদ। ‘ফাঁকি’ শিরোনামের গানটির কথা লিখেছেন তারেক আনন্দ, সুর ও সংগীতায়োজনে মেহেদী বাপন। গানে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন খন্দকার বাপ্পী। ভিডিওতে মডেল হয়েছেন বুলবুল টুম্পা। বাপ্পীর ইউটিউব চ্যানেলে এসেছে গানটি।
নচিকেতার বাংলাদেশি গান
ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী নচিকেতা চক্রবর্তী। বাংলাদেশেও গান করেছেন। ঈদ উপলক্ষে কণ্ঠ দিলেন ‘ভালো থেকো’ শিরোনামের গানে। কবির বকুলের কথা ও বেলাল খানের সুরে গানটির সংগীতায়োজন করেছেন শোভন রায়। চন্দন রায় চৌধুরী নির্মাণে ভিডিওতে মডেল হয়েছেন তাপস রায় ও প্রথমা দাস। গানচিত্রটি আসবে সাউন্ডেকের ইউটিউব চ্যানেলে।
একাধিক গানে সালমার ঈদ
বছরজুড়েই গান আসে মৌসুমী আক্তার সালমার। ঈদে সংখ্যাটা বেড়ে যায়। এই ঈদ সামনে রেখে অন্তত এক ডজন গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী। এরই মধ্যে এসেছে ‘মায়ার সুতায়’ ও ‘এমন ভালোবাসা চাই না’। ঈদে আসবে আরো কয়েকটি গান।
কিশোরের ‘আমি কেমন তুমি জানো’
গানচিল মিউজিক থেকে গতকাল রাতে প্রকাশিত হয়েছে কিশোর দাসের নতুন গানচিত্র ‘আমি কেমন তুমি জানো’। আসিফ ইকবালের কথায় গানটির সুর করেছেন অমিত চ্যাটার্জি, সংগীতায়োজনে মানাম আহমেদ। মোহাম্মদ আলীর নির্মাণে গানচিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও স্বর্ণালী চৈতী।
কণা-লিমনের ‘প্রেমের গল্প’
ঈদের দিন সন্ধ্যায় সান প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেলে আসবে মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমের গল্প’। গেয়েছেন দিলশাদ নাহার কণা ও শেখ লিমন। কথা, সুর ও সংগীতায়োজনে আভরাল সাহির। গানের ভিডিওতে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও রুকাইয়া জাহান চমক।
মিলন-রোদেলার প্রথম ডুয়েট
প্রথমবার দ্বৈত গান করলেন মোহাম্মদ মিলন ও মার্জিয়া বুশরা রোদেলা। শিরোনাম ‘কান পেতে শোন’। মামুন আফনান রুমির লেখা গানটির সুর করেছেন মিলন। সংগীতায়োজনে এমএমপি রনি। প্রকাশিত হবে ওয়াই আর মিউজিক ইউটিউব চ্যানেলে।
পান্থ কানাইয়ের ‘আবার চুমকি’
নন্দিত কণ্ঠশিল্পী খুরশীদ আলমের অন্যতম জনপ্রিয় গান ‘চুমকি চলেছে একা পথে’। পরে গানটি পান্থ কানাইয়ের কণ্ঠেও শ্রোতাপ্রিয় হয়। এবার সেই গানের নতুন সংস্করণ নিয়ে আসছেন পান্থ। ‘আবার চুমকি’ শিরোনামের গানটি আসবে গানচিল মিউজিক থেকে। ভিডিওতে আছেন খায়রুল বাসার ও পারসা ইভানা। নির্মাণে তানিম রহমান অংশু।
সামজ-রিজানের ‘আয় সজনি’
ঈদ উৎসবের কথা মাথায় রেখে একটি নাচপ্রধান গান করেছেন সামজ ভাই। তাঁর সঙ্গে র্যাপ গেয়েছেন রিজান। ফারহান আহমেদ রাফাতের নির্মাণে গানের ভিডিওতে পারফরম করেছেন শোয়েব আক্তার শান্ত ও অবন্তিকা রহমান। চাঁদরাতে গানচিত্রটি আসবে ধ্রুব মিউজিক স্টেশন থেকে।
কন্সট্যান্টের ‘ইচ্ছের আকাশ’
জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে ব্যান্ড ‘কন্সট্যান্ট’-এর নতুন গান ‘ইচ্ছের আকাশ’। ব্যান্ডটির বেজিস্ট আহম্মদ মোস্তফা আকিক জানান, সম্মিলিতভাবে গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন দলের সদস্যরা।









