সিল্কসিটিনিউজ ডেস্ক:
জঙ্গিদের তথ্য গোপন করে বাড়ি ভাড়া দেওয়ার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁও আফারখোলা পাতারটেক এলাকার বাড়ির মালিক সৌদি আরব প্রবাসী সোলায়মান সরকারের স্ত্রী ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এঁরা হলেন সালমা বেগম (৩২) ও ওসমান গনি সরকার (৪৮)। তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আজ দুপুরে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।
পুলিশ সুপার জানান, গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁও পাতারটেক এলাকার সৌদি আরব প্রবাসী সোলায়মান মিয়ার বাড়িতে গত শনিবার সকালে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসিইউ), সোয়াত ও গাজীপুর জেলা পুলিশের যৌথ অভিযানে সাত জঙ্গি নিহত হয়। এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাড়িটির মালিক সোলায়মান সরকার সৌদি আরবে থাকেন। তাঁর অবর্তমানে বাড়িটি ছোট ভাই কালীগঞ্জ উপজেলার আজমতপুর স্কুল অ্যান্ড কলেজের ইসলামী শিক্ষা বিষয়ের প্রাক্তন প্রভাষক মো. ওসমান গনি সরকার এবং ওই প্রবাসীর স্ত্রী সালমা দেখাশোনা করতেন। তাঁরাই বাড়ির ভাড়াটিয়াও ঠিক করতেন।
অভিযানের পর ওসমান সরকার ও সালমা বেগম গাজীপুরের কালীগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন। পরে গতকাল রোববার রাতে জয়দেবপুর ও কালীগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ সুপার জানান, শনিবার বিকেলে সাত জঙ্গির লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাতেই শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। গতকাল সন্ধ্যায় তাঁদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ওই সময় তাদের সবার পরিচয় জানা যায়নি। তাই তাদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জঙ্গিদের লাশগুলো শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ মর্গে রয়েছে। তাদের দাফনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
গাজীপুরের সব বাড়ি থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে জানিয়ে হারুন অর রশিদ বলেন, বাড়ির মালিকদের ভাড়া দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। নতুন ভাড়াটের পরিচয়পত্র ও তথ্য জেনে তাদের তথ্য পুলিশকে জানাতে হবে। অন্যথায় কোনো সমস্যা হলে বাড়ির মালিকদেরও আইনের আওতায় আনা হবে।
পুলিশ সুপার আরো জানান, নোয়াগাঁও পাতারটেকের ওই বাড়িওয়ালা ও বাড়ির লোকজন জঙ্গিদের তথ্য না দিয়ে কেন তাদের বাড়ি ভাড়া দিলেন এ বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, ভোটার আইডি কার্ড নিয়ে ওই যুবকদের ভাড়া দিয়েছিলেন। কিন্তু পুলিশকে ভাড়াটেদের তথ্য জানানোর কথা থাকলেও তাঁরা তা করেননি। তথ্য গোপন করে তাঁরা বাড়ি ভাড়া দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, নোয়াগাঁও পাতারটেকের ঘটনায় নিহত সাতজনের মধ্যে নব্য জেএমবির ঢাকা বিভাগের অপারেশন কামান্ডার ফরিদুল ইসলাম ওরফে আকাশ ওরফে প্রভাত থাকলেও তার লাশ পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি।
সূত্র: এনটিভি










