সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

গাজার শিশুদের টানা ৩ বছর স্কুলে না যাওয়ার ঝুঁকি

নিউজ ডেস্ক২৮ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
গাজার শিশুদের টানা ৩ বছর স্কুলে না যাওয়ার ঝুঁকি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাজা উপত্যকার শিশুরা টানা তৃতীয় বছরের মতো নতুন শিক্ষাবর্ষের শুরুতে স্কুলে যেতে পারবে না বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বুধবার সতর্ক করে বলেছে, চলমান যুদ্ধের কারণে পুরো একটি প্রজন্ম তাদের শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেন, ‘শিক্ষা একটি মৌলিক অধিকার এবং কোনো শিশুকেই এ অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয়। শিক্ষা গ্রহণের সুযোগ অবশ্যই সুরক্ষিত রাখতে হবে এবং পুনরুদ্ধার করতে হবে।

’
তিনি আরো জানান, এই সংকট পুরো একটি প্রজন্মের ভবিষ্যৎকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সামরিক অভিযানের সম্প্রসারণের কারণে বিস্ফোরক অস্ত্রের ঝুঁকি ক্রমেই বাড়ছে।

দুজারিক উল্লেখ করেন, উত্তর গাজায় চলমান সামরিক অভিযান এবং সাম্প্রতিক বাস্তুচ্যুতির নির্দেশনার ফলে মানুষকে এমন স্থান থেকেও সরতে হতে পারে, যেখানে এখনো তাদের টিকে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে। এতে করে সেসব গুরুত্বপূর্ণ স্থাপনাও ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি আরো জানান, বিভিন্ন সংস্থা গাজায় আশ্রয়সামগ্রী নিয়ে যেতে চেষ্টা করলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করছে। অথচ বহুবার স্থানান্তরিত হতে বাধ্য হওয়া বাস্তুচ্যুতদের পুরোনো তাঁবু ও ত্রিপলগুলোর পরিবর্তন এখন জরুরি। মঙ্গলবার রাতে উচ্চ জোয়ারের পানিতে সৈকতে থাকা তাঁবুগুলো ডুবে যায়, এতে প্রায় ২০০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

অক্টোবর ২০২৩-এ ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের আক্রমণে প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত ও ২৫০ জন জিম্মি হওয়ার ঘটনার পর থেকে ইসরায়েল গাজায় যে সামরিক অভিযান চালাচ্ছে, তাতে এখন পর্যন্ত প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এই অভিযানে গাজা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সেখানে এখন দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া, ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা চলছে।