সিল্কসিটিনিউজ ডেস্ক: কোনো প্রটোকল নেই। নেই লালগালিচা সংবর্ধনাও। খুব সাদাসিধে পরিবেশে এলেন ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রীয় অতিথি ভবন কিংবা অভিজাত হোটেলে নয়, ভোর হওয়ার আগেই রাজধানীর শাহজাহানপুর কলোনিতে ট্রাক থেকে নামানো হলো তাকে। সঙ্গে এলেন সাইমন, ক্লিনটন ও নিক্সন।
ওপরের বাক্যগুলো পড়ার পর হয়তো ভাবছেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট এলেন একেবারে রাখঢাক ছাড়াই। কিন্তু বাস্তবতা হলো, বৃহস্পতিবার সকালে ট্রাম্পের নামে শাহজাহানপুর গরু-ছাগলের হাটে রাজশাহীর পাইকার মফিজ দেওয়ান তাজা একটি গরু নিয়ে এসেছেন। সঙ্গে বিশ্বনেতাদের নামে আরো সাতটি গরু।
এই নাম দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে মফিজ বলেন, ‘এটা আসলে চমক দেওয়ার জন্যই, অন্য কোনো কারণে নয়।’

এই নামের গরু কিনে মানুষ কোরবানি দেবে। এর প্রতীকী অর্থ ভয়াবহ হতে পারে বললে মফিজ বলেন, ‘আমরা গরু বেচি। এত কিছু কি আর বুঝি? ভুল হইলে মাফ করে দিয়েন।’
পুরো হাটে এই নামের গরু না থাকলেও সম্রাট, বাদশা, রাজা নামের গরুতে সয়লাব শাহজাহানপুর বাজার।
হাট ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি দাম হচ্ছে ট্রাম্প নামের গরুটির। এরই মধ্যে আড়াই লাখের মতো হয়েছে এটির দাম।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এটি মূলত মধ্যবিত্তদের বাজার। এখানে সর্বোচ্চ দুই/তিন লাখ আর সর্বনিম্ন ৩০ থেকে ৪০ হাজার টাকার গরু পাওয়া যায়। এটি ঈদের আগের দিন রাত পর্যন্ত চলবে।
বাজারের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বাজার নিয়ন্ত্রকরাও রেখেছেন নজরদারিতে।
বাজার নিয়ন্ত্রক কমিটির সদস্য আবুল কালাম বলেন, ‘সুশৃঙ্খলভাবে বেচাকেনা চলছে। এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি। আশা করছি এই শৃঙ্খলা বজায় থাকবে।’
সূত্র: এনটিভি অনলাইন










