অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, চলতি অর্থবছরে (২০২৩-২৪) অভ্যন্তরীণ সম্পদ (জাতীয় রাজস্ব বোর্ড অংশ) থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা এবং স্ট্যাম্প শুল্ক বাবদ (অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিজস্ব লক্ষ্যমাত্রা) ১৩ হাজার ৬১৭ দশমিক ৫৭ কোটি টাকা। অর্থাৎ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৬১৭ দশমিক ৫৭ কোটি টাকা।
তিনি বলেন, গত অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ২০২২-২৩ অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮৩ হাজার ৮৭৮ দশমিক ০৭ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের ৩ লাখ ৭০ হাজার কোটি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্ট্যাম্প শুল্ক বাবদ ১৩ হাজার ৮৭৮ দশমিক ৭০ কোটি টাকা।
মন্ত্রী বলেন, এর বিপরীতে আহরিত হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৫৯৯ দশমিক ০৫ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের ৩ লাখ ৩১ হাজার ৫০২ দশমিক ০৫ কোটি এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্ট্যাম্প শুল্ক বাবদ ৪ হাজার ৯৭ কোটি টাকা। গত অর্থবছর (২০২২-২৩) শেষে লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৪২ শতাংশ রাজস্ব অর্জিত হয়েছিল।










