সিল্কসিটিনিউজ ডেস্ক :
গণপিটুনি নয়, বরিশালে শিশু ধর্ষণচেষ্টার কথিত অভিযোগে সুজনকে (২৩) গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করে চার ব্যক্তি। ধর্ষণচেষ্টার অভিযোগ আনা শিশুর পরিবারও এরই মধ্যে পালিয়ে গেছে এলাকা ছেড়ে। সেই সঙ্গে পালিয়ে গেছে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে সুজনকে হত্যা করা ওই চারজন।
বরিশাল নগরীর ধান গবেষণা রোড জিয়া নগরে চার বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ এনে সুজনকে শনিবার পিটিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

প্রথমে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে প্রচার করা হলেও সরেজমিন অনুসন্ধানে জানা যায়, মাত্র চারজন মিলে গাছের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করে সুজনকে। ওই চারজন হলেন- ধান গবেষণা রোডের বাসিন্দা বাচ্চু ধরানি, সাদ্দাম, রুবেল এবং ইমন বাঁধন।
শুক্রবার বিকালে ধান গবেষণা রোড জিয়ানগরের অটোচালক মনিরের ছেলে সুজনের বিরুদ্ধে চার বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন শিশুটির মা। পরদিন শনিবার বিকালে মোবাইলে ফোন দিয়ে সুজনকে ডেকে আনে স্থানীয় বাচ্চু ধরানি, সাদ্দাম, রুবেল ও ইমন বাঁধন। ধান গবেষণা রোড পাকার মাথায় আমজাদ খানের ভিটায় নিয়ে গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে মারতে থাকে তাকে।
সুজনকে মারার সময় অনেকে ভিডিও করলেও কেউ বাঁচাতে এগিয়ে আসেননি।
একটি ভিডিওতে দেখা যায়, সুজনকে চারজন মিলে বেধড়ক মারধর করছে। তখন সুজন পানির জন্য আকুতি জানালে পানি খেতে দেওয়া হয়। তবে পানি খাওয়ার সময়ও মারধর করতে থাকে তারা।
নির্যাতনে নিহত সুজনের ভাই রুবেল বলেন, আমার ভাই সুজনকে দিয়ে গাঁজা বিক্রি করাতে চেয়েছিল বাচ্চু ধরানি। তার সেই অবৈধ প্রস্তাবে রাজি না হওয়ায় সুজনের বিরুদ্ধে মিথ্যা শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ এনে ভাইকে পিটিয়ে হত্যা করেছে। আমি এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।
তিনি আরও বলেন, আমার ভাই যদি অন্যায় করে থাকে তাকে পুলিশে দিত। তার বিচার আদালত করত। তারা কেন গাছের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে মেরে ফেলবে?
ধান গবেষণা রোডের বাসিন্দা মনির মাঝি বলেন, কেউ কোনো অপরাধ করলে তার জন্য আইন আছে। এভাবে একজনকে গাছে বেঁধে নির্যাতন চালিয়ে হত্যা আরেকটি অপরাধের জন্ম দিল। তাছাড়া এভাবে চলতে থাকলে মানুষের নিরাপত্তা বলতে কিছু থাকবে না।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শুক্রবার সুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন শিশুটির মা। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। শনিবার জানতে পারি সুজনকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করেছে ওই এলাকার কয়েকজন। হত্যার ঘটনায় সুজনের বাবা মনির কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সূত্র: যুগান্তর










