সদ্য প্রকাশিত
মতামত

গণতান্ত্রিক স্বাধীনতায় আমরা পিছিয়ে পড়ছি কেন

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০২০৬ মিনিট পড়া
গণতান্ত্রিক স্বাধীনতায় আমরা পিছিয়ে পড়ছি কেন

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

গণতন্ত্র, রাজনৈতিক স্বাধীনতা ও নাগরিক অধিকার নিয়ে গবেষণা করা যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ফ্রিডম হাউস অতিসম্প্রতি তাদের ‘ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড-২০২০’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে।

২০১৯ সালের তথ্যের ভিত্তিতে বিশ্বের ১৯৫ দেশ, ১৪টি অঞ্চলের গণতান্ত্রিক ও রাজনৈতিক স্বাধীনতা এবং নাগরিক অধিকারের চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে। একটি দেশের মানুষ কতটা গণতান্ত্রিক ও রাজনৈতিক স্বাধীনতা এবং নাগরিক অধিকার ভোগ করছে, তার ভিত্তিতে প্রতিটি দেশের ‘ফ্রিডম রেটিং’ ঠিক করা হয়েছে এতে।

আর সেই রেটিংয়ের ভিত্তিতে দেশগুলোকে ভাগ করা হয়েছে মুক্ত (ফ্রি), আংশিক মুক্ত (পার্টলি ফ্রি) ও মুক্ত নয় (নট ফ্রি)- এ তিন ভাগে। গতবারের মতো এবারও বাংলাদেশ আংশিক মুক্ত দেশের সারিতে অন্তর্ভুক্ত হলেও এবারের প্রতিবেদনে ২ পয়েন্ট পিছিয়েছে বাংলাদেশ। ফ্রিডম হাউসের ‘ডেমোক্র্যাসি ইন রিট্রিট : ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড-২০১৯’ প্রতিবেদনে বাংলাদেশ পেয়েছিল ১০০-এর মধ্যে ৪১।

কিন্তু সংগঠনটির ‘ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড-২০২০’ প্রতিবেদনে তা ৩৯-এ নেমে এসেছে। পিছিয়ে পড়ার কারণ এবং কীভাবে অবস্থানের উন্নতি করা যেতে পারে, তা আলোচনা করাই এ নিবন্ধের উদ্দেশ্য।

‘ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড-২০২০’ প্রতিবেদনের প্রধান ফাইন্ডিংসগুলোর মধ্যে রয়েছে- ক. ২০১৯ সালে জরিপের আওতাভুক্ত ১৯৫টি দেশের মধ্যে ৮৩টি ‘মুক্ত’ (৪৩ শতাংশ), ৬৩টি (৩২ শতাংশ) ‘আংশিক মুক্ত’ এবং ৪৯টি (২৫ শতাংশ) ‘মুক্ত নয়’। ‘মুক্ত’ দেশগুলোর অংশ ৩ শতাংশ হ্রাস পেয়েছে এবং ‘আংশিক মুক্ত’ ও ‘মুক্ত নয়’ দেশগুলোর অংশ ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

খ. ৬৪টি দেশের মানুষের রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতা হ্রাস পেয়েছে এবং ৩৭টি দেশে এগুলোর উন্নতি হয়েছে। ফলে অবস্থার উন্নতির তুলনায় অবনতি হয়েছে বেশি। গ. বিগত ১৪ বছরে বিশ্বের সর্বাধিক প্রতিষ্ঠিত গণতন্ত্রে অবনতি ঘটেছে। ২০০৫ সালে বিশ্বের ৪১টি প্রতিষ্ঠিত গণতন্ত্রের মধ্যে ২৫টিতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। উদাহরণস্বরূপ, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অবস্থার অবনতি হয়েছে।

২০১৮ সালে যেখানে দেশটির স্কোর ছিল ৭৫, সেখানে ২০১৯ সালে সেটি নেমে এসেছে ৭১-এ। এজন্য যেসব কারণ উল্লেখ করা হয়েছে সেগুলো হল- একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য জম্মু এবং কাশ্মীরের বিশেষ মর্যাদা বা স্বায়ত্তশাসন বাতিল এবং অধিবাসীদের মৌলিক অধিকার হরণ, আসামে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) কারণে নাগরিকত্বের তালিকা থেকে প্রায় ২ মিলিয়ন মানুষের বাদ পড়া, নাগরিত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে বিক্ষোভ ও বাবরি মসজিদ ইস্যু। ঘ. কর্তৃত্ববাদী শক্তির বৈশ্বিক প্রভাব বিস্তার।

আন্তর্জাতিক মঞ্চে গণতান্ত্রিক দেশগুলোর গণতন্ত্রের প্রতি দ্বিধাগ্রস্ত সমর্থনের কারণে প্রক্সি যুদ্ধ, নির্বাচনে হস্তক্ষেপ এবং রাষ্ট্রসীমার বাইরে সেন্সরশিপের মাধ্যমে কর্তৃত্ববাদী শক্তিগুলো তাদের বৈশ্বিক প্রভাববিস্তার করে চলেছে।

‘ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড-২০২০’ প্রতিবেদনে ‘মুক্ত’ দেশগুলোর তালিকায় শীর্ষ ১০টি দেশ হল- ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, কানাডা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, উরুগুয়ে এবং ডেনমার্ক। আর ‘মুক্ত নয়’ এমন ৪৯টি দেশের মধ্যে সবচেয়ে কম স্কোর করা ১০টি দেশ (ক্রমানুসারে) হল- সিরিয়া, ইরিত্রিয়া, দক্ষিণ সুদান, তুর্কমেনিস্তান, উত্তর কোরিয়া, ইকুয়েটোরিয়াল গিনি, সৌদি আরব, সোমালিয়া, লিবিয়া এবং তাজিকিস্তান।

এখন বাংলাদেশ প্রসঙ্গে আসা যাক। রেটিং-এর ভিত্তি ধরা হয়েছে রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতা। রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় নেয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- নির্বাচন পদ্ধতি (electoral process), রাজনৈতিক বহুমাত্রিকতা ও অংশগ্রহণ (political pluralism and participation) এবং সরকারের কার্যক্রম (functioning of government)। নির্বাচন পদ্ধতির ব্যাপারে প্রথম যে প্রশ্নটি তোলা হয়েছে তা হল, বর্তমান সরকারপ্রধান কি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন?

প্রতিবেদনে প্রশ্নোত্তরে বলা হয়েছে, ২০১৯ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসেন। ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জয় পায়। কিন্তু এ নির্বাচনে ছিল সহিংসতা, বিরোধীদলীয় প্রার্থী ও সমর্থকদের ভীতি প্রদর্শন, শাসক দলের পক্ষে কারচুপি এবং নিরপেক্ষ পর্যবেক্ষকদের পর্যবেক্ষণে বাধা দেয়ার মতো অভিযোগ। দ্বিতীয় প্রশ্নটি হল, চলমান জাতীয় সংসদের বর্তমান সদস্যরা কি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন?

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৮৮টি আসনে জয়লাভ করে। নির্বাচনের দিন এবং নির্বাচন-পূর্ব প্রচারাভিযান ছিল রাজনৈতিক সহিংসতাপূর্ণ, যাতে কমপক্ষে ১৭ ব্যক্তি নিহত হন। তাছাড়া এতে সরকারবিরোধীদের অবৈধভাবে হয়রানির শিকার হতে হয়। তৃতীয় প্রশ্নটি হল, নির্বাচনী আইন ও কাঠামো কি সুষ্ঠু এবং নির্বাচন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কি এগুলো নিরপেক্ষভাবে বাস্তবায়ন করে?

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং অভিযোগ তদন্তের দক্ষতা নিয়ে বিরোধী দলগুলো, বিদেশি পর্যবেক্ষক ও অনেক দেশের সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রশ্ন রয়েছে। কমিশনের ২০১৮ সালের নির্বাচন পরিচালনায় এ প্রশ্নের যথার্থতা খুঁজে পাওয়া যায়।

২০১৮ সালের নির্বাচনে কমিশন মাঠের প্রধান বিরোধী দল বিএনপির ১৪১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করে, অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মাত্র ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বিরোধী দলগুলোর আনীত অভিযোগগুলো তদন্ত না করেই কমিশন তড়িঘড়ি করে নির্বাচনের ফলাফল নিশ্চিত করে গেজেট বিজ্ঞপ্তি জারি করে।

রাজনৈতিক বহুমাত্রিকতা ও অংশগ্রহণের ব্যাপারে উত্থাপিত প্রশ্নটি হল, জনগণের বিভিন্ন রাজনৈতিক দল গঠনের অধিকার কি আছে এবং থাকলে পদ্ধতি কি বাধামুক্ত? রিপোর্টে বলা হয়েছে, বহুদলীয় ব্যবস্থা থাকলেও মূলত আওয়ামী লীগ এবং বিএনপি পালাক্রমে দেশ শাসন করে আসছে। এ দু’দলের অভ্যন্তরীণ কাঠামো অগণতান্ত্রিক। দু’দলই পারিবারিকভাবে দেশ শাসনে প্রতিযোগিতা করে আসছে।

সরকারের কার্যক্রম নিয়ে উত্থাপিত প্রশ্নটি হল, সরকারপ্রধান এবং জাতীয় সংসদ প্রতিনিধিরা কি স্বাধীনভাবে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করেন? প্রতিবেদনে বলা হয়েছে, নীতিনির্ধারণীমূলক বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্র ক্ষমতাসীন আওয়ামী লীগ ঠিক করে। কাঠামোগত দুর্বলতার কারণে দেশের প্রতিষ্ঠানগুলো সিদ্ধান্ত গ্রহণে তেমন কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে না।

বিরোধী দলের স্বল্পসংখ্যক প্রতিনিধির কারণে সরকারের নীতিনির্ধারণী প্রস্তাব, বাজেট এবং আইনের বিলের ওপর জাতীয় সংসদে তেমন পরীক্ষা-নিরীক্ষা বা বিতর্ক হয় না।

নাগরিক অধিকার সম্পর্কে বলা হয়েছে, গণমাধ্যম এবং সাংবাদিক মামলা, হয়রানি এবং শারীরিক আক্রমণের শিকার হয়েছেন। গণমাধ্যম ছাড়াও শাসক দলের হয়রানির শিকার হয়েছে সমালোচনাকারী সুশীলসমাজও। ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ওয়ারেন্ট ছাড়াই যে কোনো ব্যক্তিকে সার্চ ও আটক করার ক্ষমতা সরকারকে দিয়েছে।

একই সঙ্গে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলো মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। আইনের শাসন নিয়ে প্রতিবেদনে নেতিবাচক বক্তব্য রয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের প্রতিবেদন-২০২০ অনুযায়ী, গত এক বছরে আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অবনতি হয়েছে।

সবশেষে বলতে চাই, গণতান্ত্রিক স্বাধীনতা সূচকে দেশের মানোন্নয়নের জন্য সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই, সে নির্বাচন জাতীয় বা স্থানীয় যে পর্যায়েই অনুষ্ঠিত হোক। মানবাধিকার সমুন্নত রাখতে হবে। জনগণ দেখতে চায়, তাদের দেশ অদূরভবিষ্যতে গণতান্ত্রিক স্বাধীনতা সূচকে ‘মুক্ত’ দেশের তালিকায় স্থান পাক।

আবদুল লতিফ মন্ডল : সাবেক সচিব, কলাম লেখক

latifm43@gmail.com