জাতীয়

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. রফিকুস সালেহীন

নিউজ ডেস্ক১৫ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (খুমেবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রফিকুস সালেহীন।

গত রবিবার (১২ এপ্রিল ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য তিনি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করা যাবে।

নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনটি উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এবং জনস্বার্থে জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বর্তমানে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। একজন দক্ষ সার্জন ও অভিজ্ঞ শিক্ষক হিসেবে চিকিৎসা অঙ্গনে তার দীর্ঘদিনের সুনাম রয়েছে।

তাঁর এই নিয়োগের মাধ্যমে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা সংশ্লিষ্টদের।

নতুন নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও চিকিৎসা কার্যক্রম আরো গতিশীল হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।