সিল্কসিটিনিউজ ডেস্ক:
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলাগুলোর বিচারে কেরানীগঞ্জের কারাগারে আদালত বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়, নিরাপত্তা সংক্রান্ত কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে সরকারের এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে খালেদা জিয়াকে ওই কারাগারে স্থানান্তরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেই তাকে কেরানীগঞ্জ কারাগারে নেয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এদিকে সরকারের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ও খালেদা জিয়ার আইনজীবীরা। তারা জানান, আদালত কারাগার থেকে কারাগারে ঘুরে বেড়াচ্ছে। এতে ন্যায়বিচার পাওয়া যাবে না।
দুর্নীতির দুই মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন এখন চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে রয়েছেন। গত বছর ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পুরনো কারাগারে বন্দি থাকার পর ১ এপ্রিল চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়।
এতদিন নাজিমউদ্দিন সড়কের কারাগারের পাশে স্থাপিত আদালতে খালেদা জিয়ার বেশ কয়েকটি মামলার বিচার চলছিল। এখন সেগুলো কেরানীগঞ্জের নতুন কারাগারে যাবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন-১) মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিশেষ আদালত নং-৯, ঢাকা এ বিচারাধীন বিশেষ মামলা নং ১৬/০৮, যাহা তেজগাঁও থানার মামলা নং ২০ (১২) ০৭ এর বিচার কার্যক্রম ঢাকা মহানগরের ১২৫, নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রশাসনিক ভবনের কক্ষ নং ৭ এর অস্থায়ী আদালতে পরিচালিত হইতেছে।
নিরাপত্তাজনিত কারণে প্রদত্ত ক্ষমতাবলে সরকার বিশেষ জজ আদালত ০৯, ঢাকা এ বিচারাধীন বিশেষ মামলা নং ১৬/০৮ এর বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, ঢাকা এর সম্মুখে নবনির্মিত ২নং ভবনকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করিল এবং এতদ্বারা নির্দেশ প্রদান করিল যে, বিশেষ জজ আদালত নং-৯, ঢাকা এ বিচারাধীন বিশেষ মামলা এর বিচার কার্যক্রম কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, ঢাকা এর সম্মুখে নবনির্মিত ২নং ভবনের অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হবে।’
এ প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল বলেন, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনের অস্থায়ী আদালতে নাইকো দুর্নীতি মামলাসহ অন্য মামলাগুলোর বিচার হবে।
নিরাপত্তার স্বার্থে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনের অস্থায়ী আদালতে মামলাগুলোর বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।
নাইকো দুর্নীতি মামলা ছাড়াও রাজধানীর দারুসসালাম থানার নাশকতার ৮ মামলা, যাত্রাবাড়ী এলাকায় বাসে অগ্নিকাণ্ডের মামলা এবং মানহানির অভিযোগে করা তিনটি মামলার বিচারে ঢাকার জজ আদালতের একটি এজলাস বসবে কেরানীগঞ্জের কারাগারে। এগুলো ছাড়া আরও কয়েকটি মামলার বিচারও ওই আদালতে হবে বলে জানান তিনি।
এর আগে নাজিমউদ্দিন সড়কের কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালত এবং কারাগারে পাশে বকশীবাজারে কারা অধিদফতরের মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার মামলাগুলো চলছিল।
ঢাকার জজ আদালতের মূল ভবন থেকে নিয়ে কারাগারের পাশে আদালত বসানোর ক্ষেত্রেও নিরাপত্তাকে কারণ দেখিয়েছিল আইন মন্ত্রণালয়।
বিএনপি বরাবরই বাইরে আদালত বসিয়ে বিচারের বিরোধিতা করে আসছে। পাশাপাশি পুরনো কারাগারে একমাত্র বন্দি হিসেবে রেখে ৭৪ বছর বয়সী খালেদাকে আরও অসুস্থ করে ফেলা হচ্ছে বলে দলটির নেতারা অভিযোগ করে আসছেন।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আদালত থাকবে আদালতের জায়গায়। কিন্তু এখন দেখা যাচ্ছে, আদালত কারাগার থেকে কারাগারে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কারাগারে আদালত বসিয়ে বিচার করা হলে সেখানে ন্যায়বিচার কতটা পাওয়া যাবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
খালেদা জিয়ার আইনজীবী মো. মাসুদ আহমেদ তালুকদার বলেন, সরকার খালেদা জিয়ার মামলা নিয়ে শুরু থেকেই স্বেচ্ছাচারিতা করছে। তারা একবার জেলখানায় আবার আলিয়া মাদ্রাসা গ্রাউন্ডে মামলার বিচার করেছে। ম্যাডামের বিচার তো আর উন্মুক্ত আদালতে হচ্ছে না। বিচার হচ্ছে নিয়ন্ত্রিত আদালতে। সরকার সবসময়ই চায় ম্যাডামের মামলার বিচার নিয়ন্ত্রিত আদালতে হোক। আর সে লক্ষ্যেই নতুন করে আদালত স্থানান্তরিত করা হয়েছে। কষ্ট হলেও আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমারা সে আদালতে যাব।
এক বছর ধরে নাজিমউদ্দিন সড়কের কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে তিন বছর আগে চালু হওয়া কেরানীগঞ্জের কারাগারে স্থানান্তরের পরিকল্পনার কথা সম্প্রতি জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারটি জাদুঘরে রূপান্তরের কাজ শুরু হচ্ছে জানিয়ে তিনি বলেছিলেন, খালেদা জিয়াকে কেরানীগঞ্জের কারাগারে নেয়ার প্রস্তুতি রয়েছে, যে কোনো সময়ই নেয়া হবে। তবে বিএনপি এরও বিরোধিতা করে আসছে।
সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হাসপাতাল থেকে সরাসরি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেয়া হবে।
তাকে আর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে নেয়া হবে না। এ প্রসঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম সোমবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, মঙ্গলবার খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার তারিখ ছিল।
তাকে আদালতে হাজির করার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কারা কর্তৃপক্ষ চিঠি দিয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। এ মুহূর্তে তাকে আদালতে হাজির করা সম্ভব নয়। মাহবুবুল ইসলাম আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে তাকে সরাসরি কেরানীগঞ্জে নেয়া হবে।










