সিল্কসিটিনিউজ ডেস্ক:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশের দিন পিছিয়ে আজ ধার্য করেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের নথি না আসায় রোববার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার আদেশ অনুযায়ী ১৫ দিনের মধ্যে নথি আসার সময়সীমা শেষ হয়েছে বিষয়টি আদালতের নজরে আনলে আদালত জামিন বিষয়ে আদেশের জন্য রোববার (১১ মার্চ) দিন ধার্য করেছিলেন। এ মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন। খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদালত কী আদেশ দেন, এতে তিনি কারামুক্ত হতে পারবেন কিনা তা জানতে সবাই আদালতের দিকে তাকিয়ে আছেন।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নথি বিচারিক আদালত থেকে হাইকোর্টে পাঠানো হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে লোয়ার কোর্ট রেকর্ড (এলসিআর) বিচারিক আদালত থেকে হাইকোর্টে পাঠানো হয়। নথি হাইকোর্টে আসার ফলে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে হাইকোর্টের আদেশ প্রদানের বিষয়টি সুগম হল।
রোববারের কার্যতালিকায় খালেদা জিয়ার জামিনের বিষয়টি এক নম্বরে ছিল। সকাল পৌনে ১১টায় শুরুতেই খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, বিচারিক আদালতের নথি আসা সাপেক্ষে জামিন বিষয়ে আদেশের জন্য আজ (রোববার) দিন ধার্য ছিল। কিন্তু এখনও নথি আসেনি। হাইকোর্টের এখতিয়ার রয়েছে নথি ছাড়াই এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ দেয়ার। এ পর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক এম ইনায়েতুর রহিম বলেন, ২২ ফেব্রুয়ারি নথি তলবের আদেশ দেয়া হয়েছিল। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ছিল সরকারি ছুটির দিন। সেই হিসেবে ২৫ ফেব্রুয়ারি যদি আদেশের অনুলিপি পেয়ে থাকে। তাহলে আজ ১৫ দিনের সময়সীমা শেষ হবে। আদালত জয়নুল আবেদীনকে বলেন, আপনি যে এখতিয়ার প্রয়োগের কথা বলেছেন, সেটা করার সুযোগ আমাদের রয়েছে। কিন্তু তার আগে দেখতে হবে, আমরা যে আদেশ দিয়েছিলাম, সেটা কিভাবে বাস্তবায়ন হয়েছে। এরপরই আদালত আজ বিকালে জামিন বিষয়ে আদেশের দিন ধার্য করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ করে আদালত বলেন, আপনার কোনো বক্তব্য আছে কিনা? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, গতদিন আমরা আদালতে বলেছিলাম উনারা (আসামিপক্ষ) কতজন আইনজীবী থাকবেন আর আমরা কতজন থাকব। উনারা মোবাইল ফোনে মেসেজ দিয়ে আইনজীবীদের এখানে এনেছেন। এ সময় একজন আইনজীবীর মোবাইল ফোনে আসা মেসেজটি আদালতকে দেখান তিনি। আদালত মেসেজটি দেখে হাস্যরসের সঙ্গে বলেন, উনারা হয়তো আপনাকে উপস্থিত থাকার জন্য মেসেজ দিয়েছেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। এজলাসে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ, মির্জা আব্বাস, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, আবদুল আওয়াল মিন্টু, আবদুর রেজাক খান, এজে মোহাম্মদ আলী, সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার আমিনুল হক, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সাবেক এমপি শাম্মী আক্তার, কায়সার কামাল, ব্যারিস্টার এহসানুর রহমান ও সগির হোসেন লিওনসহ বিপুলসংখ্যক আইনজীবী, রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মী। আদালতের আদেশের পর অ্যাডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশের দিন পিছিয়ে সোমবার (আজ) ধার্য করেছেন আদালত। আমরা আশা করছি আদালত খালেদা জিয়ার জামিন আদেশ দেবেন। এদিকে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন, আদেশের পর কমিশনের সিদ্ধান্ত মোতাবেক তারা ব্যবস্থা নেবেন। জানা গেছে, মামলার নথি হাইকোর্টে পাঠানোর আদেশ ২৫ ফেব্রুয়ারি বিচারিক আদালতে পৌঁছায়। সে মোতাবেক ১৫ দিন শেষ হয় রোববার (১১ মার্চ)। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে ২০ ফেব্রুয়ারি হাইকোর্টে আপিল করেন তার আইনজীবীরা। আপিল আবেদনে নিম্ন আদালতের দণ্ড থেকে খালাস চেয়ে ৪৪টি যুক্তি দেখানো হয়। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালতের দণ্ড স্থগিত চাওয়া হয়। ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতের দেয়া জরিমানার আদেশও স্থগিত করা হয়। এ ছাড়া আপিল বিচারাধীন থাকাবস্থায় জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদন ২৫ ফেব্রুয়ারি শুনানির জন্য রাখেন আদালত। আদেশে এ মামলায় বিচারিক আদালতের নথি তলব করে ১৫ দিনের মধ্যে তা হাইকোর্টে পাঠাতে সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দেয়া হয়। এর আগে ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
খালেদা জিয়ার মামলার নথি হাইকোর্টে : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নথি বিচারিক আদালত থেকে হাইকোর্টে পাঠানো হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে তা লোয়ার কোর্ট রেকর্ড (এলসিআর) থেকে হাইকোর্টে পাঠানো হয়। পাঁচ হাজার ৩৭৩ পৃষ্ঠার মামলার নথি বড় একটি ট্রাংকে করে কোতোয়ালি থানার এএসআই মঞ্জু মিয়া সুপ্রিমকোর্টে পৌঁছান। হাইকোর্টের আদান-প্রদান শাখায় নথি গ্রহণ করেন সেকশন কর্মকর্তা কেএম ফারুখ হোসেন। সেখান থেকে মামলার নথি ফৌজদারি আপিল বিভাগে নিয়ে যাওয়া হয়।
যুগান্তর










