সিল্কসিটিনিউজ ডেস্ক:
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতি বিভেদ সৃষ্টির অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৯ আগস্ট ধার্য করেছেন আদালত।
সোমবার শাহবাগ থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ঠিক করেন। প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত ২২ বার সময় নিয়েছে পুলিশ।

২০১৪ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ মামলা দায়ের করেন। ওই দিন আদালত শুনানি শেষে শাহবাগ থানা পুলিশকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকেলে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বীকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বলেছিলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী।
আওয়ামী লীগের কাছে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। হরতালের সময় তারা পুরান ঢাকায় বিশ্বজিৎকে হত্যা করেছে। নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় তারা অ্যাডভোকেট চন্দন সরকারকে র্যাব দিয়ে ধরে নিয়ে খুন করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের ওপর হামলা করেছে। আওয়ামী লীগ হিন্দুদের ওপর হামলার সময় বলে, তোরা হিন্দু হয়ে বিএনপি করিস কেন?’
মামলায় বলা হয়, খালেদা জিয়ার এ সকল বক্তব্য যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তেমনি হিন্দু ও মুসলমানদের মধ্যে শ্রেণিগত বিভেদও সৃষ্টি করেছে, যা দ-বিধির ১৫৩(ক) ও ২৯৫(ক) ধারার অপরাধ। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছিল।
সূত্র: রাইজিংবিডি









