সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট আকস্মিক বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বন্যা আক্রান্ত এলাকাগুলোতে ফসলি জমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে বন্যাকবলিত বিপন্ন মানুষদের প্রতি দেশবাসীর মতো আমিও গভীরভাবে মর্মাহত। বর্তমানে সারসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন জিনিসপত্রের ঊর্ধ্বমূল্যের কারণে কৃষকরা কষ্ট ও নানাবিধ বিড়ম্বনার শিকার হয়ে ফসল উৎপাদন করে থাকেন। কিন্তু সংশ্লিষ্ট এলাকাগুলোতে বন্যার ভয়াবহ ব্যাপকতা ও ফসলের চরম ক্ষয়ক্ষতিতে দুর্গত এলাকার মানুষ অবর্ণনীয় সংকটে নিপতিত হয়েছে। তাদের ওপর এ যেন ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, সরকার এখনো পর্যন্ত দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ায়নি। সংশ্লিষ্ট এলাকাগুলোতে আগামী ফসল না ওঠা পর্যন্ত ফসল হারানো ক্ষতিগ্রস্ত মানুষদের অবিলম্বে সাহায্য সহযোগিতা প্রদানের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
মির্জা ফখরুল বলেন, ‘বন্যাকবলিত মানুষদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং ভয়াবহ সংকট সমাধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ২০ দলীয় জোট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা ফসল হারানো মানুষের পাশে থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এটা সত্য যে, ষড়ঋতুর এই দেশে কষ্টসহিষ্ণু মানুষ যুগযুগ ধরে প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে গেছে। এবারও শত কষ্ট ও প্রতিবন্ধকতা কাটিয়ে বন্যায় ফসল হারানো অসহায় মানুষগুলো সংকট নিরসনে ধৈর্য ও সাহসিকতার পরিচয় দেবে বলে আমি আশাবাদী।’
অপর এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠীর প্রতিহিংসাপরায়ণ রাজনীতি ও নিষ্ঠুর দমন-পীড়নে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা এখন দুর্বিষহ জীবনযাপন করছে। বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ভীতসন্ত্রস্ত করতে ও দমিয়ে রাখতে সরকার আইন শৃঙ্খলা বাহিনীসহ ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। রাষ্ট্রক্ষমতাকে দীর্ঘায়িত করতে সরকার অব্যাহত গতিতে এ ধরনের ন্যক্কারজনক ও অমানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, গ্রেপ্তার, কারান্তরীণ ছাড়াও বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র হামলা যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর সিলেটের বাসায় পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ-যুবলীগের শতাধিক নেতাকর্মীর ন্যক্কারজনক তাণ্ডবের ঘটনায় নিন্দা জানানোর ভাষা নেই। আমি অবিলম্বে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর বাসভবনে সংঘটিত সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।’
সূত্র: এনটিভি










