সিল্কসিটিনিউজ ডেস্ক :
সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে থাকতে চাইলে জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার কত দিন ধরে সংস্কার করতে চায় সেটা তো আমরা জানি না। কিন্তু সংস্কারের নামে তারা যদি বছরের পর বছর ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, তা মানুষ গ্রহণ করবে না।’
বুধবার জাতীয় প্রেস ক্লাবের জিয়া শিশু-কিশোর মেলার উদ্যোগে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন চুন্নুর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান রিপন বলেন, ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। একটা দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সে জন্য দরকার জনগণের কাছে দায়ী জবাবদিহিমূলক একটি নির্বাচিত সরকার।
সরকারকে ২০২৫ সালের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘বাংলাদেশের সব সংকট-সমস্যার কারণ নির্বাচন না হওয়া।
ধানাইপানাই মার্কা নির্বাচন, নিশি রাতের নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, আমি-ডামি নির্বাচন নয়। আমরা চাই জনগণের সত্যিকার ভোটের নির্বাচন।’
আসাদুজ্জামান রিপন বলেন, ‘মুখে সংস্কারের কথা সরকার বলছে। কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি।
বরং আমরা দেখতে পেয়েছি, সংস্কারের কথা বলে, সংস্কারের প্রক্রিয়া পাস কাটিয়ে তারা হাসিনার পথ অনুসরণ করে বিচারক নিয়োগ করছেন। নির্বাচন কমিশনে লোক নিয়োগ করেছেন, দুর্নীতি দমন কমিশনে লোক নিয়োগ করেছেন। এ সবই হচ্ছে হাসিনার পরিত্যক্ত মডেল।’
জিয়া শিশু-কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে আলোচনাসভায় বিএনপি নেতা রেজাবুদ্দৌল চৌধুরী, আবদুল মালেকসহ জিয়া শিশু-কিশোর মেলার নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সূত্র: কালের কণ্ঠ










