সিল্কসিটিনিউজ ডেস্ক :
যাত্রা শুরুর পর থেকেই চমকপ্রদ গল্পের সব নাটক নিয়ে হাজির হচ্ছে ক্যাপিটাল ড্রামা। সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে আসছে তারা। অন্য রকম প্রেমের গল্পে নির্মিত এই নাটকের নাম ‘উইশ কার্ড’। জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা।
গল্পে দেখা যাবে, হৃদির (নীহা) বাবা বন কর্মকর্তা। এলাকায় বদলি হয়ে এসেছেন। নতুন কলেজে গিয়ে প্রথম দিনই পরিচয় হয় ক্যাম্পাসের সবচেয়ে দুষ্টু ছেলে সাদের (ইয়াশ) সঙ্গে। সাদ যতটা দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি।

তাই সাদ ধীরে ধীরে প্রেমে পড়ে যায় হৃদির। কিন্তু তার প্রেমের ইশারা পেয়েই সাড়া দেয় না হৃদি। বরং সে এক অদ্ভুত ঘটনা ঘটায়। সাদকে চ্যালেঞ্জ দিয়ে বলে, তাকে পেতে হলে অনেকগুলো উইশ পূরণ করতে হবে।
যদি উইশগুলো পূরণ করতে পারে, তবেই হৃদি রাজি হবে। সাদ চ্যালেঞ্জে রাজি হয়। কিন্তু কী সেই উইশগুলো? তা জানা যাবে নাটক রিলিজ হওয়ার পর।
‘উইশ কার্ড’ পরিপূর্ণ রোমান্টিক কমেডি ঘরানার নাটক জানিয়ে এর নির্মাতা সৌখিন বলেন, ‘ইয়াশের সঙ্গে এটা আমার প্রথম কাজ। ওর সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে।
কাজের ব্যাপারে খুবই মনোযোগী ইয়াশ। সারাক্ষণ ব্যস্ত থাকে, কিভাবে ভালো অভিনয় করা যায়। আর নীহা তো খুবই লক্ষ্মী একটা মেয়ে। কাজের ব্যাপারে খুবই মনোযোগী। সত্যি বলতে ইয়াশ-নীহাকে নিয়ে নাটকটি করে খুব ভালো লেগেছে আমার।’
ইয়াশ রোহান বলেন, ‘দারুণ এনার্জেটিক একটা নাটক হবে এটি। সৌখিন ভাই প্রতিটি সিন এত ধরে ধরে নিখুঁতভাবে করার চেষ্টা করেছেন—কী আর বলব, দর্শক খুব পছন্দ করবেন আশা করি।’
নাজনীন নীহা বলেন, “সৌখিন ভাইয়ার সঙ্গে আমার এটি চতুর্থ নাটক। এর আগে আমাদের ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘লাভ রেইন’ দর্শক খুব পছন্দ করেছিলেন। আশা করি, এবারও দর্শক আমাদের নাটক পছন্দ করবেন। কারণ পছন্দ করার মতো যথেষ্ট এলিমেন্ট আছে নাটকে।”
‘উইশ কার্ড’ নাটকটিতে গান রয়েছে একটি। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার। আগামী ১৪ আগস্ট নাটকটি মুক্তি পাবে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে।









