সিল্কসিটিনিউজ ডেস্ক :
ব্যস্ত শুটিং সূচির মাঝেও মানবিক আচরণের জন্য আবারও প্রশংসিত হচ্ছেন দক্ষিণি সুপারস্টার যশ। সম্প্রতি ক্যান্সারের সঙ্গে লড়াই করা এক ভক্তের খোঁজ নিতে ভিডিও কলে কথা বলেন তিনি।
সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভক্তদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, ক্যান্সারে আক্রান্ত ওই ভক্তের নাম সুনীল। তিনি শিবমোগা জেলার যশ ফ্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে চিকিৎসাধীন থাকা সুনীলের শারীরিক অবস্থার খোঁজ নিতে সরাসরি ভিডিও কলে যোগাযোগ করেন অভিনেতা।

ভিডিও কলে যশ শুধু সুনীলের সঙ্গেই কথা বলেননি, তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। পাশাপাশি কঠিন এই সময়ে সাহস ও মানসিক শক্তি জোগানোর চেষ্টা করেন তিনি।
ভক্তকে আশ্বস্ত করে যশ বলেন, ‘আমি তোমার পাশে আছি।’
অভিনেতার এই আন্তরিক আচরণ সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে।
অনেকেই মন্তব্য করেছেন, জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করলেও যশ এখনো তার ভক্তদের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছেন। দীর্ঘদিন ধরে যারা তাকে সমর্থন করে আসছেন, তাদের প্রতি তার এই ভালোবাসা ও দায়িত্ববোধ প্রশংসার দাবিদার।
এদিকে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন যশ। খুব শিগগির তাকে দেখা যাবে ‘টক্সিক : আ ফেইরি টেইলস ফর গ্রোন আপস’ সিনেমায়। গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমাটিতে যশের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত।
এ ছাড়া ভারতীয় সিনেমার বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যশকে। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে তিনি রাবণের ভূমিকায় অভিনয় করছেন। অন্যদিকে রাম চরিত্রে রয়েছেন রণবীর কাপুর এবং সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী।
দুই পর্বে নির্মিত হতে যাওয়া ‘রামায়ণ’-এর প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।









