অর্থ ও বাণিজ্য

কোল্ড স্টোরের ভাড়া দ্বিগুণ করায় মোহনপুরে কৃষকদের আন্দোলন

নিউজ ডেস্ক২ ফেব্রুয়ারি ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

চলতি মৌসুমে আলু সংরক্ষণে কোল্ড স্টোরের ভাড়া বাড়িয়ে দ্বিগুন করার প্রতিবাদে সভা করেছে আলু চাষী কৃষকেরা।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে মোহনপুর উপজেলা চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়।

এসময় অতি দ্রুত সময়ে হিমাগারের ভাড়া কমিয়ে আনার দাবি জানিয়ে কৃষকরা বলেন, আমরা কৃষক মানুষ। রোদে পুরে, বৃষ্টিতে ভিজে নিজেদের জমিতে আলু চাষ করে জীবন অতিবাহিত করি। সেই আলু উৎপাদনের পর হিমাগারে সংরক্ষণ করতে পূর্বে আমাদের কেজিতে ৪ টাকা গুনতে হতো। সেখানে কোল্ড স্টোরের মালিকরা হুট করে সেই ভাড়া দ্বিগুণ করে ৮ টাকা করে দিয়েছে। যেটি সম্পূর্ণ অযৌক্তিক।

তারা বলেন, আজকের প্রতিবাদ সভা কৃষকদের অধিকার আদায় ও লড়াইয়ের সভা। কোল্ড স্টোরের মালিকেরা পায়তারা শুরু করেছে। তারা কৃষকদের সাথে বেঈমানী করছে। কেজি প্রতি ৮ টাকা করে বাড়তি ভাড়া দিলে প্রতিটি কৃষক আত্মহত্যা করতে বাধ্য হবে। কারন আলু উৎপাদন থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত যে টাকা খরচ হয় বর্তমান পরিস্থিতে সেই টাকা আমরা পায় না। যার ফলে সম্পূর্ণ টাই আমাদের ক্ষতি হচ্ছে। তাই প্রয়োজনে কৃষকেরা বুকের তাজা রক্ত দিবো তবুও অতিরিক্ত টাকা দিতে পারব না। তাই অতি দ্রুত সময়ে পূর্বের ন্যায় কেজিতে ৪ টাকা করে নিতে হবে। এছাড়াও আগামী ৭২ ঘন্টার মধ্যে এ দাবি মানা না হলে রাজশাহী- নওগাঁ মহাসড়ক অবরোধের পাশাপাশি কোল্ড স্টোর ঘেড়াও করার ঘোষণাও দেন আন্দোলনরত কৃষকেরা।

এসময় কৃষকরা “চাষী বাঁচলে বাঁচবে দেশ, তবেই হবে সোনার বাংলাদেশ, আমাদের দাবি মানতে হবে, কৃষক বাঁচাও-দেশ বাঁচাও, চাষী রক্ত দিবে তবুও বাড়তি ভাড়া দিবে না, কোল্ড স্টোরেজের মুনাফা নয়, আলু চাষীর অধিকার চাই” সহ বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে সভায় অংশ নেন।

প্রতিবাদ সভা শেষে রাস্তায় আলু ফেলে রাজশাহী- নওগাঁ মহাসড়ক অবরোধ করে কৃষকরা। এসময় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।