সিল্কসিটিনিউজ ডেস্ক:
ইরানের একজন প্রসিদ্ধ ধর্মীয় ব্যক্তি সাইদ তৌসি, যিনি দেশটির অন্যতম কোরান তেলাওয়াতকারী হিসেবে সুপরিচিত-তাঁর বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর দেশটির মানুষ হতবাক হয়ে পড়েছে ও ক্ষোভ প্রকাশ করেছে।
কয়েকজন অভিযোগকারী জনসম্মুখে তাদের অভিযোগ প্রকাশের অভিনব পদক্ষেপ গ্রহণের পর ইরানজুড়ে এ নিয়ে ব্যাপক আলোড়ন উঠেছে।

যৌন নির্যাতনের শিকার শিশুরা ও তাদের পরিবারের সদস্যরা বিবিসি পার্সিয়ান সার্ভিসকে জানিয়েছের বিভিন্নভাবে সরকারি চ্যানেলের মাধ্যমে সুবিচার পেতে ব্যর্থ হয়ে তারা জনসম্মুখে এটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।
৪৬ বছর বয়সী সাইদ তৌসি, ইরানের একজন অন্যতম ধর্মীয় ব্যক্তি যার দেশটির রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে দারুণ যোগাযোগ রয়েছে। বলা যায় ধর্মীয় ও রাজনৈতিক আভিজাত্য দুটোই রয়েছে তাঁর।
মি: তৌসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ১০জন বালককে যৌন নির্যাতন করেছেন, এই বালকেরা সবাই তাঁর কাছে কোরান পড়তে ও শিখতে আসতো।
একজন অভিযোগকারী বলেছেন, জনসাধারণের জন্য যে গোসল-ঘর সেখানে প্রথম তাকে যৌন নির্যাতন করেন সাইদ তৌসি। সেই সময় ওই বালকের বয়স ছিল ১২ বছর।
“আমি আকাশ থেকে পড়েছিলাম, বুঝতে পারছিলাম না কী হচ্ছে। খুব ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল আমি কাকে কী বলবো? কিছু বললে যদি দোষ আমার উপরেই এসে পড়ে। কিন্তু তারপরেই আমি দেখলাম যে তার অন্য ছাত্রদের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। সুতরাং নিরব না থেকে যৌন হামলার ঘটনা প্রকাশের সিদ্ধান্ত নিলাম”-বলছিলেন ওই বালক।

সূত্র: বিবিসি বাংলা










