জাতীয়

কোরবানির পশুর চামড়ার দাম ঠিক করলো সরকার

নিউজ ডেস্ক১৩ মে ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সরকার ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে।

ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম দুই টাকা বাড়ানো হয়েছে বলে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন।

তিনি বাণিজ্য মণ্ত্রণালয়ে এক সভার পর সাংবাদিকদের সাথে কথা বলছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ঠিক হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা। এটি গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা।

অন্যদিকে ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫-৬০ টাকা।

এদিকে এবার খাসির চামড়ার প্রতি বর্গফুট লবণযুক্ত ২৫ থেকে ৩০ টাকা এবং বকরি ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ঢাকা এবং ঢাকার বাইরে কার্যকর হবে।

“চামড়া সংরক্ষণের জন্য ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনা মূল্যে দেবে সরকার। এছাড়া প্রতিটি এলাকায় ব্যবসায়ী ও মসজিদুমাদ্রাসায় চামড়া সংরক্ষণ করা হবে,” বলেছেন বাণিজ্যমন্ত্রী।

তিনি জানান, কোরবানির ঈদে চামড়া যেন নষ্ট না হয় সে জন্য তারা কাজ করছেন।

“জেলা ও উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট মসজিদ-মাদ্রাসার লোকদের ডেকে এনে প্রশিক্ষণ দেবে। তাঁরা কোরবানির পরে চামড়া সংরক্ষণ করার কাজটি করবেন,” বলেছেন তিনি।

 

সূত্র: বিবিসি বাংলা