সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

কোম্পানীগঞ্জে গভীর রাতে ডাকাত-পুলিশ গোলাগুলি

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
কোম্পানীগঞ্জে গভীর রাতে ডাকাত-পুলিশ গোলাগুলি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিলেটের কোম্পানীগঞ্জে মঙ্গলবার দিবাগত রাতে ডাকাত-পুলিশ গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির পর একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ডাকাত সর্দার রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রফিক ১৫টি ডাকাতি ও খুনের মামলার আসামী। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলমসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

আহত ওসি বায়েস আলম জানান, ১৫-২০ জনের একদল ডাকাত রাত ৯টার দিকে ডাকাতির উদ্দেশ্যে কলাবাড়ি এলাকায় ভোলাগঞ্জ ধলাই সেতুর পূর্বপাড়ে জমায়েত হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। ডাকাতের ছোড়া পাথরের আঘাতে আহত হন ৫ পুলিশ সদস্য।

 

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৩ রাউন্ড গুলি ছুড়ে।  পাল্টা গুলি ছোড়ে ডাকাতরাও।

 

এ সময় ডাকাতদলের ছররা গুলি ও পাথর নিক্ষেপে আহত হন কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম, উপ পরিদর্শক (এসআই) রাশেদুল আলম খান, এসআই মোয়াজ্জেম হোসেন, এসআই শফিকুল আলম ও কনস্টেবল বিল্লাল আহমদ। আহতদের মধ্যে এসআই রাশেদুল আলম ও কনস্টেবল বিল্লালকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

পুলিশের পাল্টা আক্রমণে ডাকাতদলের সদস্যরা পালিয়ে গেলেও ডাকাত সর্দার রফিক মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

 

এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদলের ব্যবহৃত ছুরি, রামদা, বল্লম, ডেগার ও মুখোশ উদ্ধার করেছে। ডাকাত রফিককে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান ওসি।

সূত্র: এনটিভি