সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

কোনো দলকে ক্ষমতায় বসাতে ছাত্র-জনতা আন্দোলন করেনি : ভিপি নুর

নিউজ ডেস্ক২৫ অক্টোবর ২০২৪৩ মিনিট পড়া
কোনো দলকে ক্ষমতায় বসাতে ছাত্র-জনতা আন্দোলন করেনি : ভিপি নুর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘কোনো দলকে ক্ষমতায় বসাতে বা কাউকে নেতা বানাতে ছাত্র-জনতা রাস্তায় নেমে আসেনি। রাষ্ট্র ও রাজনীতি সংস্কারে ছাত্র-জনতাকে নিয়ে কাজ করবে গণ অধিকার পরিষদ।’

আজ শুক্রবার বিকেলে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণা, আহত ও নিহতদের স্মরণে দোয়া ও স্মরণসভা’য় এসব কথা বলেন তিনি। রাজধানীর উত্তরা আজমপুর আমির কমপ্লেক্সের সামনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় নুরুল হক নুর বলেন, ‘গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা এই সরকারকে ক্ষমতায় বসালেও আড়াই মাসেও এখন পর্যন্ত আহতদের সুচিকিৎসা ও শহীদ পরিবারকে সেভাবে সহযোগিতা করতে পারেনি। অথচ এটি হওয়া দরকার ছিল এই সরকারের প্রথম কাজ। দুঃখ হয়, কষ্ট লাগে সরকারের প্রতি ক্ষোভ হয়। সরকারকে পরিষ্কার বলতে চাই, আগামী ১ মাসের মধ্যে নিহত পরিবারকে ১ কোটি ও আহত পরিবারকে অর্ধকোটি টাকা সহযোগিতা করতে হবে।

প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হবে। জানি না কেন মুগ্ধর ভাই স্নিগ্ধকে জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুনছি কতিপয় ছাত্রনেতার প্রভাবে সরকার-উপদেষ্টারা কাজ করতে পারছেন না।’
তিনি বলেন, ‘দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে, লাখ লাখ মানুষ আহত হয়েছে, রক্ত দিয়েছে।

কোনো দলকে ক্ষমতায় বসাতে বা কাউকে নেতা বানাতে ছাত্র-জনতা রাস্তায় নেমে আসেনি। ১৫-২০ দিনে মেসি-রোনালদো হওয়া যায় না। কতিপয় ছাত্রনেতাদের দ্বারা এত প্রভাবিত হলে সরকারের ৬ মাস টেকা মুশকিল হয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, এই সরকার ব্যর্থ হলে দেশ আরেকটা সংকট ও বিপর্যয়ের মধ্যে পড়বে। সরকারকে বলব, রাষ্ট্র সংস্কার ও সরকারের স্থিতিশীলতার জন্য আন্দোলনকারী সব দলকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করুন।

নুরুল হক নুর বলেন, ‘ভারত এখনো তার পোষা সরকারের পতন হজম করতে পারেনি। সমালোচনা করলেও আন্দোলন কিংবা চাপের মাধ্যমে সরকারকে সঠিক লাইনে রেখেই রাষ্ট্র সংস্কার করতে হবে। রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-জনতাকে নিয়ে কাজ করবে গণ অধিকার পরিষদ।’

দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা কিন্তু রয়ে গেছে। পুলিশ, র‍্যাব, বিজিবির কেউ গ্রেপ্তার হচ্ছে না। এগুলো কিসের আলামত? আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যে অপরাধ করেছে, তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এই যে সরকার, তাদের তো জনগণ বসিয়েছে। কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণে জনগণকে কতটুকু সম্পৃক্ত করছে? আইন-শৃঙ্খলা ও দ্রব্যমূল্য কোনো কিছু তারা এখনো নিয়ন্ত্রণ করতে পারেনি। এমনকি শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতেও পারেনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের দূরত্ব। তারা কী করতে চাচ্ছে, তা স্পষ্ট নয়। আমরা বলব, রোডম্যাপ দিন, দলগুলোর মতামত নিন। অন্যথায় সফল হওয়া কঠিন হবে। রাষ্ট্র সংস্কার আপনাদেরই করতে হবে। সেটি না হলে এই স্বাধীনতা দ্বিতীয়বারের মতো ব্যর্থ হবে।’

তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, রাষ্ট্রপতিকে নিয়ে জটিলতা। কিন্তু কেন আপনারা তার হাতে শপথ নিলেন, তখনই তো ভাবা দরকার ছিল। কিন্তু সেটি না করে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আজ সংকট সৃষ্টি করেছেন। জনগণকে অন্ধকারে রেখে রাষ্ট্র সংস্কার করা যায় না। ধোঁয়াশা দূর করে সব দলকে সাথে নিয়ে রাষ্ট্র চালান। দলগুলো যেভাবে গণ-অভ্যুত্থান ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে, তাদের ঐক্যবদ্ধ রেখে কাজ করা আপনাদের দায়িত্ব।’

সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহসভাপতি রাকিবুল ইসলাম ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবির ইসলাম সবুজের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি, শ্রমিক অধিকার পরিষদের আব্দুর রহমান, মহানগর দক্ষিণের সভাপতি নাজিমউদ্দীন, মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান প্রমুখ।

 

সূত্র: কালের কণ্ঠ