সিল্কসিটিনিউজ ডেস্ক:
মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশ ও ডিবি পুলিশের পৃথক অভিযানে দেড় কেজি গাঁজাসহ সুমন আহমদ আপন ও পবন রাজবল্লভ নামে দুজনকে আটক করা হয়েছে। সোমবার (১২ মে) তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে কুলাউড়া থানার এসআই জুনেদ আহমেদের নেতৃত্বে পুলিশের এক বিশেষ দল অভিযান পরিচালনা করে কুলাউড়া পৌরসভার আলালপুর এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি সুমন আহমদ আপনকে আটক করে। এসময় তার কাছ থেকে আধা কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ২,১০০ টাকা জব্দ করা হয়।

কুলাউড়া থানার এসআই জুনেদ আহমদ জানান, মাদক কারবারি আপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এদিকে, কুলাউড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ পবন রাজ ভল্লবকে (৩৬) সোমবার রাত আনুমানিক ৮টার দিকে কুলাউড়া থানার গাজীপুর চা বাগানের ফ্যাক্টরির সামনে অভিযান চালিয়ে আটক করা হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার টপিরাছড়া চা বাগানের বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন ওই ব্যক্তিকে সাদা বাজারের ব্যাগসহ আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধার গাঁজা বিক্রি উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদক আইনে আরো মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।









