সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

কু‌ড়িগ্রা‌মে নকল সারের কারখানা!

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া
কু‌ড়িগ্রা‌মে নকল সারের কারখানা!

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কুড়িগ্রামের রাজারহাটে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ করেছে প্রশাসন। পরে এসব সার মাটিতে পুঁতে ফেলা হয়। সেই সঙ্গে প্যাকেটজাত সারের মোড়ক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ ঘটনায় কারখানার মালিক বেলাল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিলগালা করা হয় অবৈধ কারখানাটি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের পাঠক গ্রামে এ ঘটনা ঘটে।

রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সামছুন্নাহার সাথী জানান, সোমবার রাতে খবর পাই, ওই কারখানায় নকল সার প্যাকেটজাত করা হচ্ছে। পরে রাতে পুলিশ পাহারা বসিয়ে কারখানায় নজর রাখা হয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হলে ঘটনার সত্যতা মে‌লে।
সূত্র জানায়, ওই গ্রামের আবদুল হামিদের ছেলে বেলাল হোসেন (৫০) দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ভেজাল সার ও কীটনাশক তৈরি করছিলেন। তিনি নামি-দামি কম্পানির প্যাকেট ব্যবহার করে এসব বাজারজাত করতেন। কৃষকরা ভেজাল সার ব্যবহার করে প্রতিনিয়ত ক্ষতির শিকার হচ্ছিলেন।

গত বছরও ওই কারখানায় অভিযান চালায় কৃষি বিভাগ।
এদিকে, অভিযানে নকল ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি, দস্তা, বোরন ও জিপসামসহ বিভিন্ন ধরনের সার এবং ভেজাল কীটনাশক জব্দ করা হয়। ৩০ কেজির ৪০ বস্তা ইউরিয়াসহ শতাধিক প্যাকেট অন্যান্য সার পাওয়া যায়।

কৃষি কর্মকর্তা সামছুন্নাহার সাথী বলেন, ‘নকল সার কারখানার মালিক বেলাল হোসেন তার নিজ বাড়িতে ঘরের বিছানার নিচে, ছাদে এসব নকল সার মজুদ করে রাখত। শুধু ভেজালকারী নয়, যারাই সার নিয়ে কৃষকের সঙ্গে প্রতারণা করার চেষ্টা চালাবে তাদের আইনের আওতায় আনা হবে।

’
রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন মাহমুদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট চাকিরপশার পাঠকপাড়ায় ভেজাল সার কারখানায় অভিযান চালানো হয়। এ সময় নকল ও ভেজাল সার এবং কীটনাশক তৈরির অপরাধে বেলাল হোসেন নামের এক ব্যক্তিকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত সারগুলো মাটিতে পুঁতে ফেলা হয়ে‌ছে।’